Mahua Moitra in SC: হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া, ধর্মীয় মন্তব্যের মামলায় নতুন মোড়
সম্প্রতি কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেও তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ অগস্ট তদন্তকারী আধিকারিকের সামনে মহুয়াকে হাজিরা দিতে হবে বলেও জানানো হয়।
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে বহুচর্চিত এই মামলায় নতুন আইনি মোড় তৈরি হয়েছে।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেও তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ অগস্ট বিকেল ৩টায় তদন্তকারী আধিকারিকের সামনে মহুয়াকে হাজিরা দিতে হবে বলেও জানানো হয়।
তবে আদালত স্পষ্ট করে দেয়, হাজিরার সময় সাংসদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। তদন্তকারী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মহুয়া মৈত্রকে কোনও রকম হেনস্থা বা আক্রমণের মুখে পড়তে না হয়। বিশেষভাবে উল্লেখ করা হয়, তাঁর দিকে যেন ডিম ছোড়া বা অন্য কোনও ধরনের হামলার ঘটনা না ঘটে। পাশাপাশি আগামী ৫ অক্টোবর অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
এই নির্দেশেই আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর বক্তব্য, হাইকোর্ট অন্তর্বর্তী সুরক্ষা দিলেও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি এবং নির্দিষ্ট দিনে হাজিরার নির্দেশ আইনি দিক থেকে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। সেই কারণেই শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত গত ১ জুলাই নদিয়ার হোগলবেড়িয়ায়। সেদিন একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মহুয়া মৈত্র। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। সেই ঘটনার পরই উত্তেজনার মধ্যে তিনি একটি মন্তব্য করেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, বোরখা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মহুয়া বলেছিলেন, “এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না।” এই মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ তুলে নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের বৈধতা নিয়েই প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। হাইকোর্ট তাঁকে গ্রেফতারি বা অন্য কঠোর পদক্ষেপ থেকে সাময়িক সুরক্ষা দিলেও তদন্তে স্থগিতাদেশ দেয়নি। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মামলার রায় শুধু মহুয়া মৈত্রের ক্ষেত্রেই নয়, রাজনৈতিক বক্তব্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং তদন্তের সীমারেখা নিয়েও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এখন নজর সুপ্রিম কোর্টের দিকে। আগামী সপ্তাহে শুনানিতে শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও আইনি মহল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


