July Rule Change: আধার থেকে পাসপোর্ট ফি! ১ জুলাই থেকে নিয়মে বিরাট বদল, আপনার কত খরচ বাড়বে জানেন?
July Rule Change: কদিনে আগেই ঘোষণা করা হয়েছে, ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরিতে আরও খরচ বাড়বে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জুলাই থেকেই সাধারণ ও তৎকাল উভয় ক্যাটাগরিতেই পাসপোর্টের পরিষেবা শুল্ক বাড়ানো হয়েছে।
July Rule Change:প্রতি মাসের প্রথম দিনই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছু না কিছু বদল নিয়ে আসে। ২০২৬ সালের ১ জুলাই অর্থাৎ আজ থেকে দেশজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়ম পরিবর্তিত হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে। এর মধ্যে একদিকে যেমন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা থেকে শুরু করে পাসপোর্ট তৈরি বা ট্রেনের জরিমানা বৃদ্ধির মতো খরচ বাড়বে, ঠিক তেমনই অন্যদিকে ইউপিআই-এর মাধ্যমে দ্রুত প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা এবং বিনামূল্যে আধার কার্ড আপডেটের মতো বড়সড় স্বস্তির খবরও রয়েছে। পাশাপাশি, রান্নার গ্যাসের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক বুধবার থেকে কী কী বড় পরিবর্তন আসতে চলেছে।

ইপিএফও-র অনলাইন পরিষেবা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অনলাইন পরিষেবা চালু হতে আরও একদিন দেরি হচ্ছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সদস্য এবং নিয়োগকর্তাদের জন্য অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। ২ জুলাই রাত ১২টা (০০:০০ ঘণ্টা) থেকে পরিষেবা ফের চালু হওয়ার কথা। ইপিএফও জানিয়েছে, ডেটাবেস একত্রিত করা এবং ক্লেম প্রসেসিং সিস্টেমের সফ্টওয়্যার আপগ্রেডের কাজ এখনও চলছে। এই আপগ্রেডের উদ্দেশ্য হল ক্লেম দ্রুত নিষ্পত্তি করা, পরিষেবার মান আরও উন্নত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করে তোলা।
আধার কার্ডে বড় বদল
১ জুলাইয়ে সবচেয়ে বড় বদল হবে আধার কার্ডে। এই মাস থেকে, আধার কার্ড আপডেটের দায়িত্বে থাকা সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) আপনার আধার কার্ড আপডেট করার জন্য একটি বিশেষ সুবিধা দিচ্ছে। ১ জুলাই থেকে পরবর্তী ছ’মাস বিনামূল্যে আধার নম্বরের ই-মেল ঠিকানা আপডেট করতে পারবেন গ্রাহক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চালু থাকবে। বর্তমানে এর জন্য ফি বাবদ জমা দিতে হচ্ছে ৭৫ টাকা। আমজনতাকে স্বস্তি দিতে সেটা আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
পাসপোর্ট ফি
কদিনে আগেই ঘোষণা করা হয়েছে, ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরিতে আরও খরচ বাড়বে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জুলাই থেকেই সাধারণ ও তৎকাল উভয় ক্যাটাগরিতেই পাসপোর্টের পরিষেবা শুল্ক বাড়ানো হয়েছে। গত মাস পর্যন্ত ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের খরচ হতো ১,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টে ২,০০০ টাকা নিত সরকার। ১ জুলাই থেকে তা বেড়ে যথাক্রমে ২,৫০০ টাকা ও ৩,৫০০ টাকা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এ ছাড়া বেড়েছে তৎকাল পাসপোর্টের খরচও। এর আগে ৩৬ পাতা ও ৬০ পাতার তৎকাল পাসপোর্টের জন্য জমা করতে হতো ৩,৫০০ টাকা ও ৪,০০০ টাকা। ১ জুলাই থেকে সেটাই বেড়ে হয়েছে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা। এ ছাড়া হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার কারণে ফের আবেদন করলে বেশি ফি দিতে হবে গ্রাহককে। তবে শিশুদের ক্ষেত্রে আট বছর পর্যন্ত এবং ৬০ ঊর্ধ্ব প্রবীণেরা পাবেন ১০ শতাংশ ছাড়।
আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ
দেশের করদাতাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, বেতনভোগী ও নন-অডিট কর্মচারীদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষের আয়কর রিটার্ন (আইটিআর-১ এবং আইটিআর-২) দাখিল করার শেষ সময়সীমা আগামী ৩১ জুলাই। এই সময়সীমা পেরিয়ে গেলে জরিমানা এবং নির্দিষ্ট কিছু কর সিস্টেম বেছে নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট কর কাঠামো বেছে নেওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে এবং করদাতারা তাদের আর্থিক ক্ষতি পরবর্তী বছরগুলোতে সমন্বয় করার সুবিধাও হারাতে পারেন।
এলপিজি ও পিএনজি-র মূল্য ও নিয়মকানুন
এলপিজি থেকে পিএনজি-তে পরিবর্তনের ৯০ দিনের সময়সীমা ৩০ জুন শেষ হয়েছে। যাদের উভয় সংযোগ রয়েছে, তাদের পিএনজি-তে পরিবর্তন করার জন্য অনুরোধ করা হয়েছে। তা না করলে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং তাদের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে। এই নিয়মটি জুলাই মাস থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তবে, সরবরাহ স্থগিত করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এছাড়াও, মধ্যপ্রাচ্যের সংঘাত স্থগিত হওয়ায় এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ায় আশা করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা ছাড় দিতে পারে, যা জ্বালানি সঙ্কটের কারণে গত কয়েক মাসে তীব্রভাবে বেড়েছে।
E-Paper

