Pahalgam tourism: পহেলগাঁও নিরাপত্তায় বড় পদক্ষেপ! পর্যটন চাঙ্গা করতে ব্যবসায়ীদের মানতে হবে এই নিয়ম

Pahalgam tourism: প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক ব্যবসায়ী বা পরিষেবা প্রদানকারীদের তথ্য যাচাই করেছে পুলিশ। তারপরে প্রত্যেককে তাঁর ব্যক্তিগত তথ্য সম্বলিত কিউআর কোড দেওয়া হয়েছে।

Published on: Apr 19, 2026 10:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pahalgam tourism: জঙ্গি হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে জনপ্রিয় পর্যটনস্থল পহেলগাঁওয়ে কিউআর কোড ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। গত বছরের ভয়াবহ জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটাতেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এতে পর্যটকরা নিশ্চিন্ত ঘুরতে পারবেন বলেই আশাবাদী প্রশাসন।

পহেলগাঁও নিরাপত্তায় বড় পদক্ষেপ! (PTI)
পহেলগাঁও নিরাপত্তায় বড় পদক্ষেপ! (PTI)

কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকবেন হকার, ব্যবসায়ী, ঘোড়া চালকেরা। এলাকার বাইরের ফেরিওয়ালাদেরও এই ব্যবস্থায় শামিল করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক ব্যবসায়ী বা পরিষেবা প্রদানকারীদের তথ্য যাচাই করেছে পুলিশ। তারপরে প্রত্যেককে তাঁর ব্যক্তিগত তথ্য সম্বলিত কিউআর কোড দেওয়া হয়েছে। মোবাইল ফোন দিয়ে ওই কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানতে পারবেন পর্যটকেরা। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই ব্যবস্থা মূলত পর্যটকদের আস্থা ফেরাতেই নেওয়া হয়েছে। গত বছরের এপ্রিল মাসে বৈসরণী ভ্যালিতে জঙ্গি হামলায় ২৫ জন পুরুষ পর্যটক ও এক স্থানীয় পনি-রাইড চালকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। এবার সেই পরিস্থিতি কাটিয়ে পর্যটনকে আবার চাঙ্গা করতে চাইছে প্রশাসন।

এবার থেকে পহেলগাঁওতে পর্যটকরা যখন কোনও পরিষেবা নিতে যাবেন, তখন ওই ব্যক্তির কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে ভেসে উঠবে তাঁর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ ভেরিফিকেশনের তথ্য। ফলে কোনও অচেনা ব্যক্তির উপর ভরসা করার আগে সহজেই তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এতে প্রতারণার সম্ভাবনা যেমন কমবে, তেমনই নিরাপত্তাও বাড়বে। প্ৰশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই ব্যবস্থা মূলত পর্যটকদের আস্থা ফেরাতেই নেওয়া হয়েছে। তাঁর কথায়, 'এটি পর্যটকদের পরিষেবা প্রদানকারীর পরিচয়পত্র যাচাই করতে সাহায্য করবে, যার ফলে তাদের আস্থা তৈরি হবে এবং নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি ঘটবে।' স্থানীয় পরিষেবাদাতারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক পনি-রাইড অপারেটর গুলাম হাসান বলেন, 'গত বছরের হামলার পর সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের সমস্ত নথি যাচাই করে তারপর কিউআর কোড দেওয়া হয়েছে। আমাদের আধার নম্বরও লিঙ্ক করা হয়েছে। এতে পর্যটকরা নিশ্চিন্তে আমাদের পরিষেবা নিতে পারবেন।' তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনী মাঝেমধ্যেই এই কিউআর কোড পরীক্ষা করে দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা।

অন্য এক কর্মী জানান, যথাযথ যাচাই-বাছাইয়ের পর পহেলগাঁওয়ে থাকা টাট্টু ঘোড়ার চালক, ফটোগ্রাফার, বিক্রেতা ও সকল পরিষেবা প্রদানকারীকে তাদের ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি ইউনিক কিউআর কোড দেওয়া হয়েছে। তাঁর কথায়, 'পরিষেবা প্রদানকারী সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকায় পর্যটকরা আরও নিরাপদ বোধ করবেন। এটি একটি ভালো উদ্যোগ যা পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করবে।' শুধু স্থানীয়রাই নয়, বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতাদেরও একইভাবে যাচাই করা হয়েছে। ফলে কোনও রকম নিরাপত্তা ফাঁক থাকার সুযোগ নেই।