Maharashtra News: ‘বাবা, আমরা মরে যাব!' দুই সন্তানের কাতর আর্জি, তোয়াক্কা না করেই খালে ফেললেন বাবা

Maharashtra News: খালে ফেলার আগে আতঙ্কে কাঁদতে শুরু করে দু'জন। বাবার কাছে বারবার এমন কাজ না করার অনুরোধ জানায় তারা।

Published on: Nov 18, 2026, 11:49:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Maharashtra News: চকোলেট আর বড়াপাও কিনে দেওয়ার নাম করে দুই ছেলেকে স্কুটারে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু গন্তব্যে পৌঁছে দুই সন্তানকেই খালে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সেই বাবার বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের পৈঠান শহরের এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয়রা। নিখোঁজ দুই শিশুর বয়স মাত্র ৭ ও ৫ বছর। সোমবার সন্ধ্যার এই ঘটনার পর থেকে খালে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত দুই শিশুর কোনও খোঁজ মেলেনি।

দুই সন্তানের কাতর আর্জি, তোয়াক্কা না করেই খালে ফেললেন বাবা (সৌজন্যে এক্স )
দুই সন্তানের কাতর আর্জি, তোয়াক্কা না করেই খালে ফেললেন বাবা (সৌজন্যে এক্স )

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সোমনাথ দামোদর রোডগে। বয়স ৪০। সোমবার সন্ধ্যায় দুই ছেলে আরিয়ান (৭) এবং শ্যামকে (৫) চকলেট ও বড়াপাও কিনে দেওয়ার কথা বলে স্কুটারে চাপিয়ে নিয়ে বেরিয়েছিলেন তিনি। এরপর তাদের নিয়ে যান সোজা পৈঠান এলাকার একটি খালের কাছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খালে ফেলার আগে আতঙ্কে কাঁদতে শুরু করে দু'জন। বাবার কাছে বারবার এমন কাজ না করার অনুরোধ জানায় তারা। তাদের কাতর আর্জি ছিল, ‘বাবা...আমরা মরে যাব, দয়া করে এমন কোরো না।’ কিন্তু সন্তানদের সেই কান্না ও অনুরোধে মন গলেনি বাবার। অভিযোগ, দুই সন্তানকেই খালের জলে ছুড়ে দেন তিনি।

সেই সময় খালের কাছে উপস্থিত ছিলেন কয়েক জন স্থানীয় কৃষক। গোটা ঘটনা দেখে তাঁরা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন সোমনাথ। পাশাপাশি কৃষকদের উদ্দেশে গালিগালাজও করেন তিনি। এরপর কৃষকরাই পুলিশে খবর দেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পচোড থানার পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় নিজের অপরাধের কথা স্বীকার করেছেন সোমনাথ। তবে কেন এমন অদ্ভুত ঘটনা, সেবিষয়ে শেষ পাওয়া খবর পর্যন্ত তিনি পুলিশকে কিছু জানাননি। সোমবার রাত থেকেই খালে দুই শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ডুবুরি দল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।