PoK update: পিওকেতে সেনা তাণ্ডবে নিহত ২০,‘ভারতের মতো শত্রু..’, প্রতিবাদীদের নিয়ে মত খোয়াজার,ভোট নিয়ে সরব দিল্লি
পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের তথাকথিত বিধানসভার ৪৫টি আসনে নির্বাচন ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তানি সেনার তাণ্ডবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দেখেছে মৃত্যু মিছিল। সেখানে বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনার নির্বিচারে গুলি বর্ষণের জেরে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। এদিকে, ঘটনার পর বিক্ষোভকারীদের ‘ভারতের মতো শত্রু’ বলে বর্ণনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভোট প্রসঙ্গে কটাক্ষবাণ ছুড়েছে দিল্লি। অন্যদিকে, পাকিস্তানের শাসকপক্ষে থাকা বিলাওয়ালের পিপিপি দাবি করেছে, সেখানের ভোটে রিগিং হয়েছে। পিপিপির ক্ষোভ, তাদেরই জোটে থাকা পাকিস্তানের শাসকপক্ষের শেহবাজের পিএমএনএল দলের বিরুদ্ধে।

‘চারিদিকে মৃতদেহ’, বলছেনন পিওকের বাসিন্দারা। তাঁদের আহ্বান আন্তর্জাতিক মিডিয়া যেন পিওকেতে কাশ্মীরিদের এই রক্তবন্যার খবর তুলে ধরে। সেই বার্তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি সেনার নির্মম হামলার জেরে পিওকেতে ২০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, পিওকে জুড়ে প্রতিবাদের ঝড়ের আঁচ গিয়ে পড়েছে ইসলামাবাদেও। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন,‘আমি আজাদ কাশ্মীরের (পিওকে) বিক্ষোভকারীদের ভারতের সমপর্যায়ে রাখি এবং ভারতের মতোই তাদেরও শত্রু বলে মনে করি।’
এদিকে, পিওকেতে ভোট প্রসঙ্গে দিল্লি সরব হয়েছে। ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘বর্তমানে যে লোকদেখানো নির্বাচনী আয়োজন চলছে, তা আসলে ওই অঞ্চলে পাকিস্তানের অবৈধ দখলদারিত্বকে আড়াল করার এবং সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনাগুলোকে গোপন করার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’ ভারতের বিদেশমন্ত্রক সাফ বলছে,‘আমরা আগেই উল্লেখ করেছি—এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন ও সেখানকার সাম্প্রতিক দৃশ্যগুলোও দেখেছেন,যে পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে বর্তমানে যে ব্যাপক গণ-বিক্ষোভ চলছে, তা পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, জনগণের মৌলিক অধিকার অস্বীকার এবং প্রশাসনিক নিপীড়নেরই প্রত্যক্ষ ফল।’
প্রসঙ্গত, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের তথাকথিত বিধানসভার ৪৫টি আসনে নির্বাচন ২৭ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে তিনটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে।পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। এই ধাপে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অবশিষ্ট আসনগুলোতে জয়লাভ করে। এদিকে, পিওকেতে পাকিস্তানি সেনার নির্মম পদক্ষেপে, সেখানে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির সদস্য তথা মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই, উসমান নাজিরও সেনার গুলিতে মারা গিয়েছেন। তাঁরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


