US Mass Shooting: ফের রক্তাক্ত মার্কিন মুলুক! সিয়াটলের ফুড ফেস্টিভ্যালে বন্দুকবাজের হামলা, নিহত ৩
US Mass Shooting: যে সময়ে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে, তখন সেখানে শত শত স্থানীয় বিক্রেতা আর সরাসরি গান-বাজনার আয়োজন নিয়ে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল।
US Mass Shooting: আবারও বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সিয়াটল শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে এক খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। অন্তত চারজন আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে মার্কিন পুলিশ। সিয়াটল সেন্টারে এই গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার কারণ স্পষ্ট করে জানাননি তদন্তকারীরা।

এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, ‘পুলিশ একটি গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। সিয়াটল সেন্টারে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে। অনুগ্রহ করে সবাই ওই এলাকা এড়িয়ে চলুন।’ স্থানীয় সময় রবিবার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকবাজ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ‘বাইট অব সিয়াটল’-উৎসব চলাকালীন স্থানীয় সময় রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ সিয়াটল সেন্টারে হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। স্থানীয় পত্রিকা সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
যে সময়ে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে, তখন সেখানে শত শত স্থানীয় বিক্রেতা আর সরাসরি গান-বাজনার আয়োজন নিয়ে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ উৎসব চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ভিড়ে ঠাসা চত্বরে গুলির শব্দ শোনামাত্রই উপস্থিত লোকজনের মধ্যে চরম হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কেওএমও-কে জানিয়েছেন, অনুষ্ঠানস্থলের ভেতর অন্তত ‘সাত থেকে আটটি গুলির’ শব্দ পাওয়া যায়। এর পরপরই সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন। অন্য এক প্রত্যক্ষদর্শী সিয়াটল টাইমসকে বলেন, মেলায় শুরু থেকেই মানুষের এত ভিড় ছিল যে খাবারের দোকানের সামনের দীর্ঘ সারি পেরিয়ে হাঁটাচলা করাই অসম্ভব হয়ে পড়েছিল। ২৫ বছর বয়সি এস্টান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শোনামাত্র মানুষ একে অপরকে পদদলিত করতে শুরু করে। তিনি বলেন, ‘সেখানে তখন রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু হয়ে গিয়েছিল।’ ওয়াকোনাবো ওই সংবাদমাধ্যমকে আরও জানান, কিছু সময় পর তিনি ছবি তোলার জন্য আবার অকুস্থলে ফিরে আসেন। তখন তিনি মাটিতে কয়েকজন গুলিবিদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখেন, যাঁর মধ্যে একজনের দেহ হলুদ একটি চাদরে ঢাকা ছিল।
খাদ্য উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮২ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনকে কেন্দ্র করে ‘খাবার, পানীয় আর সামাজিক সম্প্রীতির এই তিন দিনের উৎসবে’ প্রতি বছর প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের সমাগম ঘটে।
E-Paper

