MS Dhoni: ‘আমার নামটাও ওই লিস্টে জুড়ে দাও…’, নিজেই মুক্তি চেয়েছেন ধোনি! IPL থেকে অবসরের কথা কীভাবে জানান মাহি?

আর কখনও ব্যাট হাতে মাঠে নামবেন না ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই, এবার আইপিএল থেকেও অবসর নিলেন তারকা। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর দীর্ঘ পথচলায় ইতি। 

Published on: Nov 17, 2026, 16:06:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

অবশেষে শেষ হলো একটি সোনালি অধ্যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ দীর্ঘ ১৯ বছরের বর্ণময় খেলোয়াড়ি জীবনে ইতি টানলেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, প্রাক্তন অধিনায়ক অবসর নিয়েছেন এবং ২০২৭ মরশুমের আগে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)-এর ‘টিম মেন্টর’ (Team Mentor)-এর দায়িত্ব সামলাবেন তিনি।

‘আমার নামটা জুড়ে দাও…’, নিজেই মুক্তি চেয়েছেন ধোনি! IPL থেকে অবসর,নতুন রোলে মাহি
‘আমার নামটা জুড়ে দাও…’, নিজেই মুক্তি চেয়েছেন ধোনি! IPL থেকে অবসর,নতুন রোলে মাহি

আইপিএল রিটেনশনের শেষ দিনেই এই আবেগঘন ঘোষণা করা হয়। চেন্নাইয়ের হয়ে অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জয়ের পাশাপাশি ২৭২টি ম্যাচে ৫,৩১৪ রান করেছেন ৪৫ বছর বয়সি এই কিংবদন্তি।

১. রিটেনশনের আগেই নিজেই দল থেকে নাম বাদ দেওয়ার অনুরোধ জানান ধোনি:

ধোনিকে মেন্টর হিসেবে ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই সিএসকে-র কর্ণধার রূপা গুরুনাথ জানান, আসন্ন ২০২৭ মরশুমে যে তিনি আর খেলতে চান না, তা ধোনি নিজেই জানিয়েছিলেন। শনিবার টিম ম্যানেজমেন্টের একটি ফোনালাপের স্মৃতিচারণ করে রূপা বলেন, কয়েক মাস আগে যখন ওঁর সঙ্গে দেখা হয়েছিল, তখনই বলেছিলেন যে আসন্ন মরশুমে খেলতে পারবেন কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। শনিবার আমরা কলে পরের মরশুমের পরিকল্পনা এবং কাকে কাকে রিলিজ করা হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা করছিলাম। আলোচনার শেষে কাশী (কাশী বিশ্বনাথন) যখন রিলিজ লিস্টটা পড়ছিলেন, তখন খুব শান্তভাবে এমএস বললেন— ‘হয়তো আমার নামটাও এর মধ্যে জুড়ে দেওয়া উচিত’।”

‘হলুদ জার্সিতে আর খেলতে দেখব না, বিশ্বাসই হচ্ছে না’— আবেগঘন রূপা গুরুনাথ:

ধোনির এই সিদ্ধান্ত মেনে নেওয়া ফ্র্যাঞ্চাইজির কাছে অত্যন্ত কঠিন ছিল বলে জানান রূপা গুরুনাথ। তবে দলের স্বার্থে ধোনি বরাবরই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন তিনি। তাঁর কথায়, ‘আমার জন্য এটা ভীষণ কঠিন একটা দিন। এমন মুহূর্তের জন্য কেউ কখনোই প্রস্তুত থাকতে পারে না। এমএস ধোনি এমন একজন মানুষ, যিনি দলকে নিজের ২০০ শতাংশ দিতে না পারলে খেলবেন না। দলের বোঝা হতে চান না বলেই সরে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাসই করতে পারছি না যে হলুদ জার্সিতে ওঁকে আর মাঠে খেলতে দেখব না! সেই বিদ্যুৎগতির স্টাম্পিং, হেলিকপ্টার শট, আর আঙুলের সামান্য ইশারায় ফিল্ডিং সাজিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া— সবই ভীষণ মিস করব।’

চোট-আঘাত ও নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’:

গত কয়েকটি আইপিএল মরশুম ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন ধোনি। ২০২৫ মরশুমে রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ার পর মাঝপথে দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। তবে ২০২৬ মরশুমে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি মাহি, যে মরশুমে অষ্টম স্থানে শেষ করেছিল চেন্নাই।

বর্তমানে রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া তরুণ চেন্নাই দলের কাছে মেন্টর হিসেবে ধোনির উপস্থিতি আশীর্বাদ হয়ে উঠবে বলে মনে করছেন সিএসকে কর্ণধার। মাঠ ও মাঠের বাইরে তরুণ ক্রিকেটাররা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আশাবাদী গোটা দল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More