ধনী পরিবারের পুরুষদের মৃত্যুঝুঁকি ৬২ শতাংশ কম! উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের ঝুঁকিও কম, চাঞ্চল্যকর সমীক্ষা

ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা NFHS-এর তিনটি পর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছেন তাঁরা। ১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালের সমীক্ষার তথ্যের ভিত্তিতে ১৫ থেকে ৫৯ বছর বয়সিদের মৃত্যুঝুঁকি পর্যালোচনা করা হয়েছে।

Published on: Nov 26, 2026, 09:06:09 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কতটা নির্ভর করে তাঁর আর্থিক অবস্থার উপর? জাতপাত, ধর্মীয় পরিচয় নাকি পরিবারের সম্পত্তি—কোন বিষয়টি মৃত্যুঝুঁকির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? এই প্রশ্নেরই উত্তর উঠে এল সাম্প্রতিক এক গবেষণায়। সমীক্ষা বলছে, দেশের সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবারের পুরুষদের ১৫ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের পুরুষদের তুলনায় ৬২ শতাংশ কম। মহিলাদের ক্ষেত্রেও এই ব্যবধান ৪২ শতাংশ। শুধু তাই নয়, উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুঝুঁকিও ২১ শতাংশ কম বলে দাবি গবেষকদের। অন্যদিকে, তফসিলি জাতির মহিলাদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি এখনও বেশি। ফলে ভারতের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে মানুষের আয়ু এবং স্বাস্থ্যগত নিরাপত্তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ধনী পরিবারের পুরুষদের মৃত্যুঝুঁকি ৬২ শতাংশ কম! উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের ঝুঁকিও কম, চাঞ্চল্যকর সমীক্ষা
ধনী পরিবারের পুরুষদের মৃত্যুঝুঁকি ৬২ শতাংশ কম! উচ্চবর্ণের হিন্দুদের তুলনায় মুসলিম পুরুষদের ঝুঁকিও কম, চাঞ্চল্যকর সমীক্ষা

‘ডেমোগ্রাফিক রিসার্চ’ নামে আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সমীক্ষা। গবেষণাটি করেছেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের মরাধ্বজ ধাকড় এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের (IIPS) নন্দিতা সাইকিয়া। ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা বা NFHS-এর তিনটি পর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছেন তাঁরা। ১৯৯৮-৯৯, ২০১৫-১৬ এবং ২০১৯-২১ সালের সমীক্ষার তথ্যের ভিত্তিতে ১৫ থেকে ৫৯ বছর বয়সিদের মৃত্যুঝুঁকি পর্যালোচনা করা হয়েছে।

গবেষণায় দেখা গিয়েছে, সবচেয়ে দরিদ্র পরিবারের প্রতি ১০০০ জন পুরুষের মধ্যে ২৮০ জনের ১৫ থেকে ৫৯ বছর বয়সের মধ্যে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। সেখানে ধনী পরিবারের ক্ষেত্রে সংখ্যাটি ১৫৮। মহিলাদের ক্ষেত্রে দরিদ্র পরিবারে প্রতি ১০০০ জনে ১৫৭ জন এবং ধনী পরিবারে ৮৭ জন। অর্থাৎ, অর্থনৈতিক অবস্থার সঙ্গে মৃত্যুঝুঁকির সরাসরি সম্পর্ক রয়েছে। জাতি, ধর্ম, গ্রাম-শহরের পার্থক্য এবং রাজ্যভিত্তিক পরিস্থিতি হিসেবের মধ্যে রাখার পরেও ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে এই বিশাল ব্যবধান বজায় রয়েছে।

জাতি ও ধর্মের ভিত্তিতেও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। ২০১৯-২১ সালের সমীক্ষা অনুযায়ী, তফসিলি জাতিভুক্ত পুরুষদের প্রতি ১০০০ জনে মৃত্যুর সম্ভাবনা ২৫৬ এবং জনজাতিভুক্ত পুরুষদের ক্ষেত্রে ২৫৪। উচ্চবর্ণের হিন্দু পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ১৯৭। তবে আর্থিক ও ভৌগোলিক পরিস্থিতি বিবেচনা করলে এই ব্যবধানের একটা বড় অংশের ব্যাখ্যা পাওয়া যায়।

সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে মুসলিম পুরুষদের পরিসংখ্যান নিয়ে। গবেষণায় দেখা গিয়েছে, ২০১৯-২১ সালের সমীক্ষায় আর্থিক অবস্থা, বসবাসের জায়গা এবং রাজ্যভিত্তিক পার্থক্য বিবেচনা করার পরেও উচ্চবর্ণের হিন্দু পুরুষদের তুলনায় মুসলিম পুরুষদের মৃত্যুঝুঁকি ২১ শতাংশ কম। তিনটি সমীক্ষা পর্যায়েই এই প্রবণতা দেখা গিয়েছে। গবেষকদের মতে, মুসলিমদের মধ্যে তুলনামূলক কম মদ্যপান এবং কয়েকটি রাজ্যে বেশি নগরায়ণ এর সম্ভাব্য কারণ হতে পারে। শহরে বসবাসের ফলে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগও বাড়তে পারে। তবে মুসলিম মহিলাদের ক্ষেত্রে উচ্চবর্ণের হিন্দু মহিলাদের তুলনায় উল্লেখযোগ্য কোনও সুবিধা পাওয়া যায়নি। অন্যদিকে, আর্থিক ও ভৌগোলিক বিষয় বিবেচনার পরেও তফসিলি জাতির মহিলাদের মৃত্যুঝুঁকি উচ্চবর্ণের হিন্দু মহিলাদের তুলনায় ১৯ শতাংশ বেশি।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, গত দুই দশকে মহিলাদের মৃত্যুঝুঁকি কমেছে প্রায় ৪০ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে কমেছে মাত্র ১৭ শতাংশ। ১৯৯৮-৯৯ সালে প্রতি ১০০০ মহিলার মধ্যে মৃত্যুর সম্ভাবনা ছিল ২০৮, যা ২০১৯-২১ সালে কমে হয়েছে ১২৫। পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটি ২৬৮ থেকে কমে হয়েছে ২২১। তবে ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সালের মধ্যে পুরুষদের মৃত্যুঝুঁকি ফের বেড়েছে। গবেষকদের মতে, করোনা মহামারিতে অতিরিক্ত মৃত্যু এবং পেশাগত ঝুঁকি এর অন্যতম কারণ।

সব মিলিয়ে গবেষকদের স্পষ্ট বার্তা, জাতি বা ধর্মের পরিচয়ের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ এবং চিকিৎসা পরিষেবার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ, আর্থিক বৈষম্য কমাতে পারলে দেশের সব সামাজিক গোষ্ঠীর মানুষের অকালমৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।