Mexican Drug Lord Dead Update: সামরিক অভিযানে নিহত মেক্সিকোর মাদক সম্রাট এল মেঞ্চো, সতর্কবার্তা ভারতীয় দূতাবাসের
মেক্সিকোতে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে দূতাবাস। ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় গতিবিধি এড়াতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।
মাদক সম্রাট এল মেঞ্চোকে এক সামরিক অভিযানে খতম করা হয়েছে মেক্সিকোতে। আর সেই অভিযানের পরই মেক্সিকোর রাস্তায় বিশৃঙ্খলা ও হিংসা ছড়িয়ে পড়েছে। দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী মাদক চোরাচালানকারী দলের নেতা ছিল এই এল মেঞ্চো। তার মৃত্যুতে মেক্সিকোর অনেক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই আবহে মেক্সিকোতে বসবাসরত ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে দূতাবাস। ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় গতিবিধি এড়াতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে জানানো হয়েছে, জালিসকো রাজ্যের পাশাপাশি তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওনের কিছু অংশে ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। যে স্থানে অভিযান চালানো হয়েছিল, তার আশেপাশের এলাকা এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। ভিড় থেকে দূরে থাকতেও পরামর্শ দিয়েছে দূতাবাস। এছাড়া যে কোনও আপডেটের জন্য স্থানীয় মিডিয়ার উপর নজর রাখতে বলা হয়েছে ভারতীয়দের। এরই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। জরুরি অবস্থার ক্ষেত্রে ৯১১ নম্বরে ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিবার এবং বন্ধুদের অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাসের তরফে সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে।
উল্লেখ্য, এল মেঞ্চো নামে পরিচিত ওসেগুয়েরা সারভান্তেসকে বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর মাদক মাফিয়া হিসাবে বিবেচনা করা হত। নিউ জেনারেশন কার্টেল নামে অপরাধী সংগঠন চালাত সে। প্রতিবেদন অনুসারে, এল মেঞ্চোর মৃত্যুর পরে অপরাধী গোষ্ঠীগুলি মেক্সিকোর প্রায় ১২টি রাজ্যে রাস্তা অবরোধ করেছে। অনেক জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। জালিসকোর রাজধানী গুয়াদালাজারার স্কুলগুলি ২৩ ফেব্রুয়ারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু মেক্সিকো নয়, এল মেঞ্চো মাদক পাচার করত দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ এবং আফ্রিকার নানা দেশে। ১৯৯৪ সালে আমেরিকায় মাদক বিক্রি করার মামলায় ধরা পড়েছিল সে। তারপর জেল খাটতে হয়েছিল তারে। পরে তাকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছিল। এরপর দেশে ফিরে দীর্ঘদিন মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল এল মেঞ্চো। পরে ২০০৯ সালে নিজের দল গঠন করে সে। এল মেঞ্চোর বিরুদ্ধে আমেরিকায় বহু মামলা রয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


