Microsoft Outage Status: বিশ্বজুড়ে মহা বিভ্রাট! ১২ ঘণ্টার চেষ্টায়ও মেলেনি সমাধান, ঠিক কী হয়েছে মাইক্রোসফটের অন্দরে?
Microsoft Outage Status: বিভ্রাট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়, যখন বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারীর অভিযোগ জমা পড়ে। ইনবক্স খুলতে না পারা, ই-মেল আটকে যাওয়া, কর্মক্ষেত্রে সংযোগের বিভিন্ন মাধ্যমের বিকল হওয়ার মতো বিভিন্ন অভিযোগ করেছেন মাইক্রোসফট ব্যবহারকারীরা।
Microsoft Outage Status: সাম্প্রতিক কালের সব থেকে বড় পরিষেবা বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট। যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। অভিযোগ, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর একগুচ্ছ পরিষেবা ব্যবহার করা যাচ্ছে না। ফলে ভারত-সহ বিভিন্ন দেশে ব্যবসা, সরকারি দফতর, স্কুল, বিমান সংস্থার বহু জরুরি কাজকর্ম আটকে গিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, প্রতি দিনের গুরুত্বপূর্ণ কাজে হাতে গোনা ক্লাউড পরিষেবার উপর নির্ভর করা কতটা ঝুঁকির, তা স্পষ্ট করে দিল এই ঘটনা। পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই নির্ভরশীলতা কাটাতে এবার কী নিজেদের মতো করে তৎপর হবে বিভিন্ন দেশ?
মাইক্রোসফটের বিশ্বব্যাপী এই বিভ্রাট শুরু হয় বৃহস্পতিবার, ১২ নভেম্বর। এই বিভ্রাট শুক্রবার, ১৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত। বিভ্রাট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোয়, যখন বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারীর অভিযোগ জমা পড়ে। ইনবক্স খুলতে না পারা, ই-মেল আটকে যাওয়া, কর্মক্ষেত্রে সংযোগের বিভিন্ন মাধ্যমের বিকল হওয়ার মতো বিভিন্ন অভিযোগ করেছেন মাইক্রোসফট ব্যবহারকারীরা। ভারত-সহ প্রায় ৭৪টি দেশের কোটি কোটি ব্যবহারকারী বিপাকে পড়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্ন দেশে বহু সংস্থার দফতরে সব ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে মাইক্রসফট ৩৬৫ ব্যবহৃত হয়। তথ্য আদানপ্রদান থেকে শুরু করে ব্যবসায়িক কাজকর্ম, সব ক্ষেত্রেই অনেকে এর উপর নির্ভরশীল। ফলে একাংশ চূড়ান্ত ক্ষতির মুখে পড়েছে বলে খবর।
মাইক্রোসফট বিভ্রাটের কারণ কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থাটি এই বিভ্রাটের কারণ অনুসন্ধান করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কনফিগারেশনে একটি পরিবর্তনের কারণে কিছু সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং সেগুলি অকেজো হয়ে পড়ে। সংস্থার দেওয়া প্রাথমিক বিবৃতিতে পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ এবং সংযোগজনিত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি অকার্যকর হয়ে পড়ায় ব্যবহারকারীদের অন্য সার্ভারগুলিতে সরিয়ে দেওয়া হয়। ফলে অবশিষ্ট পরিকাঠামোর উপর চাপের পরিমাণ আরও বেড়ে যায়। এছাড়া প্রশ্ন উঠেছে, বিশ্বজুড়ে এমন বিভ্রাটের পিছনে কী দায়ী সাইবার সন্ত্রাস? মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও বিষয় তাদের নজরে পড়েনি। অভ্যন্তরীণ প্রক্রিয়ার ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, যখন একটিমাত্র প্রোভাইডার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের ভিত্তি হিসেবে কাজ করে, তখন ভুল কনফিগারেশন, ওভারলোড বা নেটওয়ার্ক পরিবর্তনের কারণে যে কোনও ব্যর্থতা তৎক্ষণাৎ ভাবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, বিভ্রাট ঠিক করার প্রক্রিয়াটিও মাইক্রোসফটের প্রত্যাশার চেয়ে অনেক বেশি জটিল প্রমাণিত হয়েছে। সংস্থার দাবি, কিছু সার্ভারকে পুনরায় অনলাইন করার পর এবং ট্রাফিক ফিরে আসার পরেও সেগুলি আবার কাজ করা বন্ধ করে দেয়। ফলে একটি জটিল চক্র তৈরি হয়। ইঞ্জিনিয়ারেরা ক্ষতিগ্রস্ত পরিকাঠামোয় ট্রাফিক সীমিত করতে, নির্দিষ্ট সফ্টওয়্যার কনফিগারেশন রোলব্যাক করতে এবং ক্ষমতা বাড়ানোর চেষ্টা শুরু করেন। মাইক্রোসফট আরও জানিয়েছে, এই বিভ্রাট কোনও সাইবার হানার কারণে ঘটেছে এমন কোনও ইঙ্গিত মেলেনি। বিঘ্নটি পরিকাঠামো এবং কনফিগারেশন সমস্যার সঙ্গে সম্পর্কিত বলেই মনে করছে প্রযুক্তি সংস্থাটি।
কোন কোন মাইক্রোসফট পরিষেবা প্রভাবিত হয়েছে?
মাইক্রোসফটের বিভ্রাটে যে পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলি প্রভাবিত, তার মধ্যে রয়েছে আউটলুক, মাইক্রোসফট টিমস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং শেয়ারপয়েন্ট, মাইক্রোসফট কোপাইলট। মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ্লিকেশনগুলির বাইরেও বিস্তৃত ছিল এর প্রভাব। কৃত্রিম মেধা বা এআই সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিক তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সংক্রান্ত সমস্যার কথাও জানিয়েছে।
কেন বিভ্রাট ঠিক করতে সময় লাগাচ্ছে মাইক্রোসফট?
এর একটি অন্যতম মূল কারণ হল, নতুন কোনও সমস্যা না তৈরি করে যাবতীয় সমস্যার সমাধান করাই এখন মাইক্রোসফটের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সার্ভারগুলিকে যখন আবার কর্মক্ষম করে অনলাইন করা হয়, ট্রাফিক আসা শুরু হতেই এর বেশ কয়েকটি ফের কাজ করা বন্ধ করে দেয়। এই জটিল সমস্যার সমাধানে সংস্থার ইঞ্জিনিয়ারদের বিকল্প পথের সন্ধান করতে হচ্ছে। সংস্থাটি বিভিন্ন সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি, ট্রাফিক অন্য পথে স্থানান্তর এবং ক্ষতিগ্রস্ত মেশিনগুলি সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিষেবা পুনরায় চালু হওয়ার অর্থ এই নয় যে, সব ব্যবহারকারী সঙ্গে সঙ্গে আবার সব কিছু ব্যবহার করতে পারবেন। পরিকাঠামো পুনরুদ্ধারের পরেও, অ্যাপ্লিকেশনগুলোর পুনরায় সংযোগ স্থাপন, ডেটা সিঙ্ক্রোনাইজ করা এবং স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরে আসতে কিছুটা সময় লাগতে পারে। মাইক্রোসফট এখনও এই বিভ্রাট কেন এত দীর্ঘস্থায়ী হল তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। এমনকী পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমাও জানায়নি।
E-Paper

