Mother Dairy Milk Price: ফের বাড়ল দুধের দাম! লিটারে ৪ টাকা পর্যন্ত বেশি খরচ, কত হল ফুল ক্রিম ও টোনড মিল্কের নতুন দাম?

আগামী বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। ফলে প্রতিদিনের সংসারের বাজারে খরচ আরও বাড়তে চলেছে। বিশেষ করে যেসব পরিবারে নিয়মিত বেশি পরিমাণে দুধ কেনা হয়, তাঁদের উপর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে।

Published on: Nov 11, 2026, 11:33:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

উৎসবের মরশুমের মধ্যেই সাধারণ মানুষের পকেটে ফের টান। এবার দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বড় দুগ্ধ সংস্থা মাদার ডেয়ারি। লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বিভিন্ন ধরনের দুধের। আগামী বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। ফলে প্রতিদিনের সংসারের বাজারে খরচ আরও বাড়তে চলেছে। বিশেষ করে যেসব পরিবারে নিয়মিত বেশি পরিমাণে দুধ কেনা হয়, তাঁদের উপর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। সংস্থার দাবি, দুধ উৎপাদনের খরচ এবং কৃষকদের কাছ থেকে দুধ কেনার দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আগামী বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে।
আগামী বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে।

বুধবার সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) বাজারে মাদার ডেয়ারির বিভিন্ন ধরনের দুধের দাম বাড়ানো হয়েছে। তবে সংস্থার মুখপাত্র এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। সংস্থার সূত্রের দাবি, কৃষকদের কাছ থেকে দুধ কেনার খরচ বেড়ে যাওয়ায় তার কিছুটা চাপ গ্রাহকদের উপর দিতে হচ্ছে।

কোন দুধের দাম কত বাড়ল?

দিল্লি-এনসিআর এলাকায় মাদার ডেয়ারির বিভিন্ন ধরনের দুধের নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন মূল্যতালিকা:

টোনড মিল্ক (বাল্ক) - ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা

ফুল ক্রিম মিল্ক (পাউচ) - ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা

টোনড মিল্ক (পাউচ) - ৬০ টাকা থেকে ৬২ টাকা

ডাবল টোনড মিল্ক - ৫৪ টাকা থেকে ৫৬ টাকা |

গরুর দুধ - ৬২ টাকা থেকে ৬৫ টাকা

অর্থাৎ ফুল ক্রিম দুধের দাম লিটারপিছু ৪ টাকা বাড়ানো হয়েছে। টোনড এবং ডাবল টোনড দুধের ক্ষেত্রে দাম বেড়েছে ২ টাকা। গরুর দুধের দাম বেড়েছে ৩ টাকা। ফলে প্রতিদিনের প্রয়োজন মেটাতে যাঁরা একাধিক ধরনের দুধ কেনেন, তাঁদের মাসিক খরচও বাড়বে।

কেন বাড়ল দুধের দাম?

সংস্থার সূত্রের দাবি, কৃষকদের কাছ থেকে দুধ কেনার দাম ক্রমাগত বেড়েছে। সেই সঙ্গে উৎপাদন ও অন্যান্য খরচের চাপও রয়েছে। এই পরিস্থিতিতে সংস্থার পক্ষে আগের দামে দুধ বিক্রি করা কঠিন হয়ে পড়ছিল। তাই গ্রাহকদের উপর কিছুটা বাড়তি খরচের বোঝা চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদার ডেয়ারি তাদের দুধ বিক্রি থেকে হওয়া আয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশই কৃষকদের দুধ কেনার জন্য খরচ করে। ফলে কৃষকদের কাছ থেকে বেশি দামে দুধ কিনতে হলে সংস্থার সামগ্রিক খরচও বেড়ে যায়।

প্রতিদিন ৫০ লক্ষ লিটারের বেশি দুধ বিক্রি

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (এনডিডিবি) সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা। দিল্লি-এনসিআর এলাকায় প্রতিদিন প্রায় ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে তারা। গোটা দেশে সংস্থার দৈনিক দুধ বিক্রির পরিমাণ ৫০ লক্ষ লিটারেরও বেশি।

সংস্থার ব্যবসাতেও গত অর্থবর্ষে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। চাহিদা বাড়ার জেরে ১৭ শতাংশ বেড়ে ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ২০,৩০০ কোটি টাকা। দুধের পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত খাবার এবং ভোজ্য তেলের ব্যবসাতেও বৃদ্ধি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

সব মিলিয়ে উৎপাদন খরচ ও কৃষকদের দুধ কেনার দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ল ক্রেতাদের উপর। তবে আপাতত প্রকাশিত নতুন মূল্যতালিকা দিল্লি-এনসিআর বাজারের জন্য। দেশের অন্যান্য বাজারে একই হারে দাম বাড়বে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা নেই।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More