Modi-Balen Meeting: চিনকে কূটনৈতিক বার্তা! মোদীর সঙ্গে বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ

২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন শাহের প্রথম ভারত সফর। রবিবার (২২ নভেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। 

Published on: Nov 23, 2026, 08:36:22 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহ। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা তাঁর। এই বৈঠকের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। কারণ, একদিকে ভারতের সঙ্গে নেপালের ঐতিহাসিক সম্পর্ক নতুন করে শক্তিশালী করার চেষ্টা, অন্যদিকে প্রতিবেশী দেশটিতে চিনের ক্রমবর্ধমান প্রভাব—সব মিলিয়ে বালেন শাহের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোদীর সঙ্গে আজ বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ (Hindustan Times)
মোদীর সঙ্গে আজ বৈঠকে বসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ (Hindustan Times)

২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন শাহের প্রথম ভারত সফর। রবিবার (২২ নভেম্বর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। নেপালের প্রধানমন্ত্রীর এই সফরকে দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে নয়াদিল্লি।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই সফরে দুই দেশের সম্পর্ক মজবুত করাই প্রধান লক্ষ্য। বাণিজ্য, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠনের জন্য ভারত বড় আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করতে পারে। নেপালের অর্থনীতি পুনরুদ্ধারে ভারতের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

তবে এই সফরের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বও যথেষ্ট। নেপালের উপর চিনের প্রভাব বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ভারত। দুই দেশের মধ্যে প্রায় ১৮০০ কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে। ফলে নেপালের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, মোদী ও বালেন শাহের বৈঠক থেকে চিনের কাছেও একটি কূটনৈতিক বার্তা যেতে পারে। ভারত যে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়, সেই বার্তাও স্পষ্ট করতে চাইছে নয়াদিল্লি।

এদিকে ভারতীয় সেনায় গোর্খা নিয়োগের বিষয়টিও আলোচনায় আসতে পারে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প চালুর পর থেকেই ভারতীয় সেনায় নতুন করে গোর্খা নিয়োগের বিষয়ে নেপালের সম্মতি পাওয়া যায়নি। ফলে নেপালে ভারতের সেনা নিয়োগ কেন্দ্রগুলিতে কার্যত স্থবিরতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে অগ্নিবীরদের স্থায়ী করার বিষয়ে ভারত সরকারের ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। নেপাল সরকারও গোর্খা নিয়োগ পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে সীমান্ত বিরোধ নিয়ে এই সফরে কোনও চূড়ান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা কম। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরার মতো বিতর্কিত অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রের দাবি, এই ধরনের বিষয় সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলাদা প্রশাসনিক ও কূটনৈতিক ব্যবস্থা রয়েছে। তাই এবারের বৈঠকের মূল লক্ষ্য সহযোগিতা বৃদ্ধি।

সফরের আরেকটি বড় আকর্ষণ অযোধ্যা থেকে নেপালের জনকপুরধাম পর্যন্ত নতুন রেল পরিষেবা। সোমবার প্রধানমন্ত্রী মোদী ও বালেন শাহ ভার্চুয়াল মাধ্যমে সরযূ-কামলা এক্সপ্রেসের উদ্বোধন করবেন। রামায়ণের সঙ্গে গভীরভাবে যুক্ত অযোধ্যা ও সীতার জন্মস্থান হিসেবে পরিচিত জনকপুরের মধ্যে এই রেল যোগাযোগ দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককেও আরও দৃঢ় করবে। এছাড়া রবিবার নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে বালেন শাহের। সব মিলিয়ে, চিনের প্রভাব মোকাবিলা থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা, গোর্খা নিয়োগ এবং রেল যোগাযোগ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে মোদী-বালেন বৈঠকের দিকে তাকিয়ে দুই দেশের কূটনৈতিক মহল।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।