Modi wishes Iran on Eid Nowruz: ইদের সঙ্গেই ইরানকে আরও এক উৎসবের শুভেচ্ছাবার্তা মোদীর! কী এই নউরুজ? দিল্লি বোঝাল অবস্থান

শুভেচ্ছা বার্তায় কী লেখেন মোদী?  

Published on: Mar 21, 2026, 18:24:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্ব জুড়ে যখন খুশির ইদ পালিত হচ্ছে, তখন ইরানে যুদ্ধ তুঙ্গে। ইতিমধ্যেই সেদেশের নানান পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল ও আমেরিকার বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এদিকে, ইরানও পাল্টা আরব বিশ্বে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমন অবস্থায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এদিন ইদ ও নউরাজ উৎসবের শুভেচ্ছা জানিয়ে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফোনালাপে এই যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন মোদী।

ইদ ছাড়াও ইরানকে নউরুজেরও শুভেচ্ছাবার্তা মোদীর! কী এই উৎসব? দিল্লি বোঝাল অবস্থান (AP Photo/Ghaith Alsayed) (AP)
ইদ ছাড়াও ইরানকে নউরুজেরও শুভেচ্ছাবার্তা মোদীর! কী এই উৎসব? দিল্লি বোঝাল অবস্থান (AP Photo/Ghaith Alsayed) (AP)

খুশির ইদে এদিন উৎসবের মেজাজে গা ভাসিয়েছেন ভারত সহ বিশ্বের নানান প্রান্তের ইসলাম ধর্মাবলম্বীরা। এদিকে, ইরান সহ বহু দেশে এদিন নউরাজ উৎসবও পালিত হচ্ছে। এই নউরাজ হল পার্সিয়ান নববর্ষ। মূলত, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, ককেসাস, বালকান সহ বিভিন্ন অঞ্চলে এই দিনটি নউরাজ হিসাবে পালিত হয়। আর এই দিনটি প্রতি বছর বিশেষভাবে ইরানেও পালিত হয়। তবে নউরাজের এই দিনে ইরান আজ যুদ্ধে লিপ্ত। এমন দিনে বাড়ি পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে কেনাকাটা করে থাকেন ইরান সহ বহু দেশের মানুষ। এরইসঙ্গে পরিবারের সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, বলোনি-সহ নানান রীতি পালন করে থাকেন। এই অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন মোদী।

মোদী তাঁর বার্তায় লেখেন, ‘রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ানের সাথে কথা বলেছি এবং তাঁকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আশা প্রকাশ করেছি যে এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে।’ এরই সঙ্গে মোদী লেখেন,'এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা করা হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করে। নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং নৌপথগুলো উন্মুক্ত ও নিরাপদ রাখা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছি। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছি।' এই বার্তা দিয়ে দিল্লি কার্যত এই যুদ্ধের পরিস্থিতিতে নিজের অবস্থান আরও স্পষ্ট করে দেয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলা ইজরায়েল ও আমেরিকার হানার পর থেকে এই নিয়ে ইরানের প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ফোন করলেন মোদী।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More