'আমার কথায় আঘাত...,' IPL-র মধ্যে সতীর্থদের ‘পাল্টা’ জবাব শামির, নেপথ্যে...

২০২৬ আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন মহম্মদ শামি। আজ অর্থাৎ ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে।

Published on: Apr 1, 2026, 20:43:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইপিএল ২০২৬ টুর্নামেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই টুর্নামেন্টের হাত ধরেই টিম ইন্ডিয়ার তারকা পেশার মহম্মদ শামি নতুন করে শুরু করতে চান। এই বছর ট্রেডিংয়ের কারণে শামি লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। গত এক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলে জায়গা হয়নি তাঁর। যদিও ঘরোয়া টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। বর্তমানে মহম্মদ শামি ৩৫ বছরে পা রেখেছেন। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই হয়ত তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন। অবশেষে এই ভারতীয় পেসার নিজের অবসর ও আইপিএল ম্যাচ নিয়ে খোলাখুলি জানালেন।

সতীর্থদের পাল্টা জবাব শামির (HT_PRINT)
সতীর্থদের পাল্টা জবাব শামির (HT_PRINT)

সম্প্রতি 'দ্য শুভঙ্কর মিশ্রা' পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহম্মদ শামি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, 'এই বছর আইপিএলে এলএসজিকে আপনি কোথায় দেখছেন? কারণ আপনার কয়েকজন 'বড়' সতীর্থ এখনও পর্যন্ত দলটিকে গুরুত্ব দিয়ে দেখছে না। জবাবে মুচকি হেসে শামি বলেন, 'আমার কথায় আঘাত পাবে-তুমি এই ধরনের প্রশ্ন করছ। মানুষ কষ্ট পায়। কাউকে রেটিং দিয়ে বা নম্বর দিয়ে কেউ মহান হতে পারে না।' সেখানেই তিনি জানিয়ে দেন, কবে অবসর গ্রহণ করতে চলেছেন। তিনি বলেন, 'আমি যখন ক্লান্ত হয়ে পড়ব, তখনই এই সিদ্ধান্ত গ্রহণ করব। এখন তো অবসরের ব্যাপারে কোনও চিন্তা ভাবনাই করছি না। কারণ, এই ধরনের চিন্তাভাবনা আপনাকে সব সময় পিছন দিকে ঠেলে দেয়। যদি কখনও এমন চিন্তা ভাবনা আপনার মাথায় আসে, তার মানে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আর ক্লান্ত হয়ে পড়েছেন মানে, ক্রিকেট খেলতে খেলতে বোর হয়ে গিয়েছেন।'

সেইসঙ্গে শামি আরও যোগ করলেন, 'আমি আগেও বলেছি, যেদিন ঘুম থেকে ওঠার পর আমার মনে হবে যে ক্রিকেট খেলতে আর ভালো লাগছে না, তার মানে আমি বোর হয়ে যাচ্ছি। যেদিন ক্রিকেট খেলার প্রতি আমার আলস্য চলে আসবে, সেদিনই আমি অবসর গ্রহণ করব। আপাতত ক্রিকেট খেলা থেকে আমি যথেষ্ট আনন্দ উপভোগ করছি। ফলাফল যথেষ্ট ভাল এবং ইতিবাচক।' ২০২৬ আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন মহম্মদ শামি। আজ অর্থাৎ ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হবে। শামি জানিয়েছেন, লখনউয়ের হয়ে তিনি ১০০ শতাংশ পারফরম্যান্স দিতে চান। তিনি বলেন, 'লখনউ আমার উপর ভরসা রেখেছে। আমিও নিজের সেরাটা উজাড় করে দেব।'