Jamui viral video: 'নীতিপুলিশি ভদ্র ও মার্জিত ভাবে...,' জামুইয়ের ঘটনায় বিতর্ক বাড়ালেন বিহারের মন্ত্রী, তোপ বিরোধীদের

Jamui viral video: বিহারের ক্রীড়ামন্ত্রীর মতে, অন্য কেউ কী ভাবে জীবনযাপন করবেন, তা নিয়ে কারও কোনও মতামত থাকতেই পারে। কিন্তু এ ধরনের মতমত আরও ভালো ভাবে প্রকাশ করা যায় বলে মনে করেন মন্ত্রী।

Published on: Sep 22, 2026, 17:27:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jamui viral video: জামুইয়ে পথ আটকে কিশোর-কিশোরীকে হেনস্থা এবং শ্লীলতাহানির ঘটনায় বিহারের ক্রীড়ামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শ্রেয়সী সিংয়ের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধল। ঘটনার নিন্দা জানানোর সময় ঘুরিয়ে ‘নীতিপুলিশি’-কেই সমর্থন করে বসেন মন্ত্রী। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়সী সিং বলেন, 'নীতিপুলিশি আরও ভদ্র এবং মার্জিত ভাবে করা যাতে পারে।'

বিহারের ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং (Photo by Santosh Kumar/ Hindustan Times)
বিহারের ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং (Photo by Santosh Kumar/ Hindustan Times)

৩৫ বছর বয়সি বিজেপি নেত্রী তথা ক্রীড়াবিদ বলেন, 'নীতিপুলিশি আরও ভদ্র এবং মার্জিত ভাবে করা যেতে পারে। কিন্তু যে ভাবে ওরা কিশোর-কিশোরীর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের হেনস্থা করেছে, তা কোনও ভাবেই বরদাস্ত করা যায় না।' জামুইয়ের রাস্তার ধারে এক কিশোর ও দশম শ্রেণির এক ছাত্রীকে একদল যুবকের ঘেরাও এবং হেনস্থা করার একটি ভিডিও সোমবার ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সেই প্রেক্ষিতেই শ্রেয়সী সিংয়ের এই মন্তব্য সামনে আসে। পরে আবার নিজের মন্তব্যের ব্যাখ্যাও দেন বিহারের ক্রীড়ামন্ত্রী। তাঁর মতে, অন্য কেউ কী ভাবে জীবনযাপন করবেন, তা নিয়ে কারও কোনও মতামত থাকতেই পারে। কিন্তু এ ধরনের মতমত আরও ভালো ভাবে প্রকাশ করা যায় বলে মনে করেন মন্ত্রী।

জামুইয়ের বিধায়কের কথায়, 'কেউ কী ভাবে নিজের জীবনযাপন করতে চান, বা কেউ নিজের জীবনে কী করতে চান, তা নিয়ে আপনার মতামত থাকতেই পারে। হয়ত এর চেয়ে ভালো কোনও উপায়ও আছে। কিন্তু তাঁদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা কোনও ভাবেই মানা যায় না। প্রকাশ্যে আসা ভিডিওগুলি মর্মান্তিক।' শ্রেয়সী সিং জানিয়েছেন, স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা কীভাবে নাবালকদের সঙ্গে এমন আচরণ করলেন, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর মতে, 'আপনারা যে সমাজে বাস করছেন, সেখানকার একটি ছেলে ও একটি মেয়ের সঙ্গে কীভাবে এমন আচরণ করতে পারেন? তাদের নিশ্চয়ই জানা উচিত ছিল যে এই ছেলে ও মেয়েটি জামুইয়েরই সন্তান। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে সেখানকার লোকেরা তাঁদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে।' মন্ত্রী এও জানান যে অভিযুক্তরা যাতে কোনওভাবেই ছাড় না পায়, তা তিনি নিশ্চিত করবেন।

এর আগে পুলিশের সঙ্গে এনকাউন্টারের পর জামুইয়ের ঘটনায় মূল অভিযুক্ত নন্দন যাদবকে গ্রেফতার করে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিও দেখে যাদের শনাক্ত করা হয়েছিল, নন্দন তাদেরই একজন। এই এনকাউন্টারে পায়ে চোট পাওয়া হরে রাম যাদব নামে আরও এক অভিযুক্তকেও পুলিশ গ্রেফতার করেছে।

রাজনৈতিক চাপানউতোর

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জামুইয়ের এই ঘটনাকে কেন্দ্র করে সম্রাট চৌধুরী সরকারকে নিশানা করেছেন জনশক্তি জনতা দলের প্রধান তেজ প্রতাপ যাদব। তিনি জানান, বাইরে বেরলে এখন তাঁর নিজেরও নিরাপত্তাহীনতা বোধ হয়। আরজেডি প্রধান লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ বার্তা সংস্থা এএনআই (ANI)-কে বলেন, 'বাইরে বের হলে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগি। বিহারে কোনও মহিলাই নিরাপদ নন । অথচ তারা দাবি করে যে আমাদের মহিলারা সুরক্ষিত। তারা সুরক্ষিত কীভাবে? কোনও না কোনও ঘটনা তো ঘটতেই থাকে।' তিনি আরও বলেন, 'একটা ছেলে ও একটা মেয়ে বাইরে গিয়েছিল। এটি তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তারা যেখানে খুশি যেতে পারে।'

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কংগ্রেস নেতা পবন খেরা বিহারের ক্রীড়ামন্ত্রী 'নীতিপুলিশি ভদ্র এবং মার্জিত' সংক্রান্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেন। শ্রেয়সী সিংয়ের মন্তব্যের একটি ক্লিপ শেয়ার করে পবন খেরা লেখেন, 'এ এক অদ্ভুত কাণ্ড... ‘তাহলে এরপর কী? ধর্ষণ যতক্ষণ ‘ভদ্র ও মার্জিত’ —এবং সহিংস নয়, ততক্ষণ কী তা ঠিক আছে?’ তিনি আরও বলেন, 'অনধিকার প্রবেশ—তা মৌখিক, শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক বা আত্মিক যা-ই হোক না কেন—শুধুমাত্র ‘ভদ্রভাবে’ বা ‘মার্জিতভাবে’ করা হয়েছে বলেই তা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না।'