Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ! বাসে আগুন-বোমাবাজি, ধৃত ৩৩৮ আওয়ামী লিগ কর্মী, গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাঙ্কিং

Bangladesh Unrest: বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকাশ, নগদ-সহ বিভিন্ন মোবাইল আর্থিক পরিষেবার লেনদেন ব্যাহত হচ্ছে বলে খবর।

Published on: Nov 27, 2026, 13:59:27 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Bangladesh Unrest: শীতের শুরুতেই ফের অশান্তির আগুনে জ্বলছে পদ্মাপারের দেশ। বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার রাজপথে ফের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রথম ঘটনাটি ঘটে পল্লবী এলাকায়, যেখানে মধ্যরাতে একটি ফাঁকা চলন্ত বাসে অগ্নিসংযোগ করা হয়। অন্য ঘটনাটি ঘটেছে বাড্ডা এলাকায়; সেখানে একটি বাসের পিছনের অংশে আগুন লাগিয়ে দেওয়া হলে চালকের তৎপরতায় যাত্রীদের দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঢাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টায় আওয়ামী লিগের ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অগ্নিগর্ভ বাংলাদেশ! (REUTERS)
অগ্নিগর্ভ বাংলাদেশ! (REUTERS)

কেবল ঢাকাই নয়, কুষ্টিয়াতেও বোমাবাজির খবর মিলেছে। পাশাপাশি চট্টগ্রাম-সহ বাংলাদেশের মোট ছ’টি জায়গায় পুলিশের কিয়স্কে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। একের পর এক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ প্রশাসন। ঢাকা, গোপালগঞ্জ-সহ সাতটি জেলায় পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর ১০৯ প্ল্যাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। অশান্তি ছড়ানো এবং নাশকতার অভিযোগে জড়িতদের চিহ্নিত করতে চলছে তল্লাশি ও গ্রেফতার অভিযান।

এদিকে, অশান্তির আঁচ সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে আওয়ামী লিগের (Awami League) দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়। দিন কয়েক আগেই সেখানে থানায় এবং এক বিএনপি (BNP) নেতার বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র হাতে মিছিল বেরোতে দেখা গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আগেই ওই অঞ্চলে রেল পরিষেবা স্থগিত করেছিল। এবার বৃহস্পতিবার থেকে গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকাশ, নগদ-সহ বিভিন্ন মোবাইল আর্থিক পরিষেবার লেনদেন ব্যাহত হচ্ছে বলে খবর। গোপালগঞ্জের অধিকাংশ গ্রাহকই আপাতত এই পরিষেবা ব্যবহার করতে পারছেন না। তবে কেন শুধুমাত্র এই জেলায় মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

সরকারিভাবে এই পদক্ষেপের সুনির্দিষ্ট কারণ ঘোষণা করা না হলেও, বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে ব্যাঙ্কিং আধিকারিকরা জানিয়েছেন যে সরকারি নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে ঢাকার তুলনায় গোপালগঞ্জে ‘অস্বাভাবিক মাত্রায়’ আর্থিক লেনদেন লক্ষ্য করা গিয়েছে। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে, গ্রেফতারি এড়াতে বিভিন্ন জেলা থেকে পালিয়ে আসা ব্যক্তিরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এবং মোবাইলের মাধ্যমে তাঁদের কাছে টাকা পাঠানো হচ্ছে। মূলত আওয়ামী লিগের নেতা-কর্মীদের আর্থিক লেনদেনে রাশ টানতেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও এই লেনদেনের সঙ্গে সরাসরি আওয়ামী লিগের নেতা-কর্মীদের যোগ রয়েছে, এমন কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, নাশকতা রুখতে বাংলাদেশ জুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানে সবচেয়ে বেশি নজর রয়েছে আওয়ামী লি গের নেতা-কর্মীদের উপর। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে আওয়ামী লিগের অন্তত ৩৩৮ জন নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা থেকেই পাকড়াও করা হয়েছে ৫০ জনকে। ধৃতদের তালিকায় বেশ কিছু হাই-প্রোফাইল নামও রয়েছে। গ্রেফতার হয়েছেন শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেসসচিব কেএম শাখাওয়াত মুন এবং মাদারিপুরের প্রাক্তন জেলাশাসক ইলিয়াস হোসেন। এছাড়াও দু’বছর আগে কলকাতার নিউটাউনে খুন হওয়া আওয়ামী লিগ সাংসদ আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফিরদৌস ডরিনকেও পুলিশ গ্রেফতার করেছে।

সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে রাজধানীতে বাসে আগুন ও বোমাবাজির অভিযোগ, অন্যদিকে দেশজুড়ে গ্রেফতার অভিযান এবং গোপালগঞ্জে আর্থিক পরিষেবায় বিধিনিষেধ। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়ানো হলেও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় তার প্রভাব পড়তে শুরু করেছে।