Muhammad Yunus: বাংলাদেশে ‘কিচেন ক্যাবিনেট’ চর্চার মাঝে ইদের আগেই ফ্রান্স উড়ে গেলেন ইউনুস

Muhammad Yunus: বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, 'অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দফতরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি তিনবার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই। কিন্তু তা গৃহীত হয়নি।'

Published on: May 27, 2026, 22:55:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Muhammad Yunus: ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে চর্চার মাঝেই ইদের আগে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস। সম্প্রতি মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তাঁরই প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। একই সুর শোনা গিয়েছে তাঁর প্রাক্তন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের গলায়। এবার অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল উল্লেখ করেছেন উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই আবহে দেশ ছাড়লেন মহম্মদ ইউনূস।

‘কিচেন ক্যাবিনেট’ চর্চার মাঝেই ফ্রান্স উড়ে গেলেন মহম্মদ ইউনূস
‘কিচেন ক্যাবিনেট’ চর্চার মাঝেই ফ্রান্স উড়ে গেলেন মহম্মদ ইউনূস

বুধবার সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মহম্মদ ইউনূস ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তাঁর প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. মহম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্রের খবর, আজ সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে তাঁর এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। আর ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে বিতর্কের মধ্যেই ইদের আগে তাঁর এই তড়িঘড়ি দেশ ছাড়া নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে।

‘কিচেন ক্যাবিনেট’ বিতর্ক

এদিকে, সোমবারই বাংলাদেশের সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, 'অন্তর্বর্তী সরকারের ওই কিচেন ক্যাবিনেটই দেশ চালাত। আমার নিজের দফতরের উপরও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। স্বাধীনভাবে আমি কাজ করতে পারতাম না। সেই কারণেই আমি তিনবার পদত্যাগেরও সিদ্ধান্ত নিই। কিন্তু তা গৃহীত হয়নি।' তিনি আরও বলেন, 'আমরা প্রত্যাশার এক বড় অংশ পূরণ হয়নি। কোনও কারণে একবার আমাকে সেই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেতে হয়েছিল। পরে আমি জানতে পারি, প্রতি সপ্তাহেই বৈঠকটি বসত। ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছিল, সে বিষয়ে বিদেশ মন্ত্রক অন্ধকারে ছিল। বিষয়টিতে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।'

অন্যদিকে, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমিও বলেছি, কিচেন কেবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।’ সরকারে ‘কিচেন কেবিনেট’ বলে আনুষ্ঠানিক কোনও ফোরাম নেই। তবে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের বিশ্বস্ত কিছু সহকর্মী নিয়ে গঠিত বিশেষ গোষ্ঠীকে ‘কিচেন কেবিনেট’ বলা হয়। যে বিশেষ গোষ্ঠীটি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে থাকে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মহম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ৮ আগস্ট। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।