Sarfaraz Khan on Gautam Gambhir: 'আমার স্ত্রী কেঁদে দিয়েছিল', সিরাজ বিতর্কের মাঝে গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সরফরাজ খান

দলের খারাপ পারফরম্যান্স নিয়ে একটি বৈঠকে ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই বৈঠকের কিছু তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগও ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, দলের ভিতরের খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন সরফরাজ খান।

Published on: Nov 21, 2026, 09:43:51 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগ ঘিরে অবশেষে মুখ খুললেন সরফরাজ খান। ২০২৪-২৫ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন ভারতীয় দলের অন্দরের খবর বাইরে পাচার করার অভিযোগ উঠেছিল মুম্বইয়ের এই ব্যাটারের বিরুদ্ধে। সেই সময় থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। এবার যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সরফরাজ জানালেন, এই ঘটনা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এমনকী তাঁর পরিবারের সদস্যরাও এই বিতর্কের কারণে যথেষ্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। এমনকী তাঁর স্ত্রী এই বিতর্কের মাঝে কেঁদে দিয়েছিলেন বলেও জানান সরফরাজ। তবে কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। নিজে ফোন করে তাঁকে সাহস জুগিয়েছিলেন গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এই বিস্ফোরক তথ্য সামনে আনেন সরফরাজ।

'আমার স্ত্রী কেঁদে দিয়েছিল', সিরাজ বিতর্কের মাঝে গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সরফরাজ খান (AFP)
'আমার স্ত্রী কেঁদে দিয়েছিল', সিরাজ বিতর্কের মাঝে গম্ভীরকে নিয়ে মুখ খুললেন সরফরাজ খান (AFP)

কী অভিযোগ উঠেছিল সরফরাজের বিরুদ্ধে?

২০২৪-২৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হেরে যায় ভারত। বিশেষ করে মেলবোর্নে চতুর্থ টেস্টে পরাজয়ের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে উত্তেজনা তৈরি হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। দাবি করা হয়েছিল, দলের খারাপ পারফরম্যান্স নিয়ে একটি বৈঠকে ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই বৈঠকের কিছু তথ্য বাইরে চলে যাওয়ার অভিযোগও ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, দলের ভিতরের খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন সরফরাজ খান। যদিও এই অভিযোগের পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। পাঁচটি টেস্টের একটিতেও প্রথম একাদশে সুযোগ পাননি সরফরাজ।

‘এমন কিছুই ঘটেনি’, স্পষ্ট দাবি সরফরাজের

আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেন, বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার প্রায় ২০-২৫ দিন পর তিনি ভারতে ফিরে এসেছিলেন। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ায় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) তখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। আচমকাই দেশে ফেরার পর ফোন এবং মেসেজে ভরে যায় তাঁর মোবাইল। চারদিকে তাঁর বিরুদ্ধে ড্রেসিংরুমের খবর ফাঁস করার অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়।

সরফরাজের কথায়, ‘আমি খুব আঘাত পেয়েছিলাম। এমন কিছুই ঘটেনি। সত্যিই যদি আমি এই কাজ করতাম, তাহলে পরবর্তী সময়ে ভারতীয় এ দলের হয়ে খেলার সুযোগ পেতাম না। শ্রীলঙ্কা সফরের দলেও ডাক পেতাম না। কে বা কারা এই খবর ছড়িয়েছিল, তা আমার জানা নেই।’ তিনি আরও জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে নিজের ফোন বন্ধ করে দিতে হয়েছিল তাঁকে।

সরফরাজের পাশে দাঁড়ান গৌতম গম্ভীর

এই বিতর্কের সময় গৌতম গম্ভীর কীভাবে সাহায্য করেছিলেন, সেটাও জানিয়েছেন সরফরাজ। তাঁর কথায়, অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রায় দু'দিন কেটে গিয়েছিল। তারপর গম্ভীর নিজেই তাঁকে ফোন করেন। অকারণে এসব বিষয় নিয়ে চিন্তা না করে ক্রিকেটে মন দিতে বলেন। রাজনীতি এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শও দেন ভারতীয় দলের কোচ। সরফরাজ জানান, তিনি গম্ভীরকে বলেছিলেন, এই অভিযোগে তাঁর বাবা অত্যন্ত দুঃখ পেয়েছেন এবং স্ত্রী কান্নাকাটি করছেন। পরিবারের উপর এই ঘটনার প্রভাব তাঁকে আরও বেশি কষ্ট দিয়েছিল।

শুধু সরফরাজকেই নয়, তাঁর বাবা নওশাদ খানের সঙ্গেও কথা বলেন গম্ভীর। তাঁকে আশ্বস্ত করে বলেন, এই ধরনের ভিত্তিহীন প্রচারে গুরুত্ব না দিয়ে ছেলেকে ক্রিকেট খেলতে দিতে। সরফরাজ একজন ভালো ক্রিকেটার এবং তাঁর কোনও সাহায্যের প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন বলেও আশ্বাস দেন গম্ভীর।

সামাজিক মাধ্যমের প্রচারে ক্ষুব্ধ ক্রিকেটার

সরফরাজের বক্তব্য, সামাজিক মাধ্যমে ছোট একটি ঘটনাকেও অনেক সময় এমনভাবে ছড়ানো হয়, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান নষ্ট হতে পারে। তাঁর কথায়, ‘কারও কাজ নষ্ট করতে না পারলে তার নাম খারাপ করে দাও। কাজ নিজে থেকেই নষ্ট হয়ে যাবে।’ তাঁর ধারণা, তাঁর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটানোর চেষ্টা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সরফরাজের। এখনও পর্যন্ত ভারতের হয়ে ছ'টি টেস্ট খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ১৫০ রানের দুরন্ত ইনিংসও খেলেছিলেন এই ব্যাটার। তবে জাতীয় দলে নিয়মিত জায়গা পাওয়া এখনও তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে, দীর্ঘদিন ধরে চলা বিতর্কে সরফরাজের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করল। একই সঙ্গে কঠিন সময়ে গৌতম গম্ভীরের ব্যক্তিগত উদ্যোগ এবং ক্রিকেটারের পরিবারের পাশে দাঁড়ানোর ঘটনাও সামনে এল।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।