ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য! ইরানের আকাশে 'রহস্যময় বস্তু', US পাইলটদের উদ্ধার অভিযানে নিহত ৫

সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের গুলিতে ধ্বংস হওয়া একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে এক সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

Published on: Apr 05, 2026 10:26 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার আকাশে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত ঘিরে একের পর এক ঘটনা সামনে আসছে। ভেঙে পড়া যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু সদস্য এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই আবহে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, ভেঙে পড়া একটি যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধার করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং একটি পরিবহন বিমান-সহ একাধিক উড়ন্ত যান ধ্বংস হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

US পাইলটদের উদ্ধার অভিযানে নিহত ৫ (সৌজন্যে টুইটার)
US পাইলটদের উদ্ধার অভিযানে নিহত ৫ (সৌজন্যে টুইটার)

ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী কেন্দ্র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র জানান, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে ছিল ইসফাহানের দক্ষিণে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল‍্যাক হক হেলিকপ্টার। পাশাপাশি, একটি ইজরায়েলি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসফাহানের দক্ষিণাঞ্চলে শত্রুপক্ষের অনুপ্রবেশকারী বিমান-যার মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান রয়েছে-আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে আগুনে জ্বলছে।’ তারা আরও দাবি করেছে, মার্কিন উদ্ধার অভিযান ‘ব্যর্থ’ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মরুভূমি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে এখনও ধোঁয়া উঠছে।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের গুলিতে ধ্বংস হওয়া একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে এক সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের নির্দেশে উদ্ধার অভিযানে অংশ নিতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বহু যুদ্ধবিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, শতাধিক বিশেষ প্রশিক্ষিত সেনা ইরানের গভীরে প্রবেশ করে ওই পাইলটকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। শুক্রবারই ইরান মধ্যাঞ্চলের আকাশে একটি এফ-১৫ই যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করে। বিমানে থাকা দুই ক্রু-র একজনকে দ্রুত উদ্ধার করা হলেও অন্যজন নিখোঁজ ছিলেন। ট্রাম্প জানান, দ্বিতীয় উদ্ধার অভিযানের নিরাপত্তার স্বার্থেই তথ্য গোপন রাখা হয়েছিল। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।