PM Narendra Modi: ভাঙলেন নেহরুর রেকর্ড! ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রশংসায় রাষ্ট্রপ্রধানরা
PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অর্জনের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের লেখা একটি চিঠিতে সে দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
PM Narendra Modi: ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে তিনি ভারতের দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম খোদাই করলেন। একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের মে মাসে প্রথমবার দায়িত্ব গ্রহণ এবং ২০২৪ সালে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর এই সুদীর্ঘ রাজনৈতিক যাত্রায় বিশ্বজুড়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। নতুন মাইলফলক স্পর্শ করতেই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা।

শ্রীলঙ্কা
প্রধানমন্ত্রী মোদীর এই অর্জনের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের লেখা একটি চিঠিতে সে দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেছেন, ‘এই মাইলফলক কেবল আপনার দীর্ঘ কর্মজীবনের প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আপনার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতের অসাধারণ অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন এবং উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী চিন্তাধারা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা-সহ অনেক দেশকে অনুপ্রাণিত করেছে । উল্লেখ্য, শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের সময় ভারতের পাশে দাঁড়ানোর বিষয়টি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক অবিস্মরণীয় অধ্যায়।
পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদীকে ‘নেতৃত্বের রোল মডেল’ হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে, ভারতে ২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনার ক্ষেত্রে তাঁর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তিনি আরও বলেন, '২০ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনে ভালো জীবন দেওয়া এক অসাধারণ কৃতিত্ব।' প্রধানমন্ত্রী মারাপে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ইচ্ছাও প্রকাশ করেন।
ত্রিনিদাদ ও টোবাগো
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার ভারতের এই রূপান্তরকে বিশ্বমঞ্চে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সাধারণ প্রেক্ষাপট থেকে উঠে এসে ১৪০ কোটির মানুষের নেতৃত্ব দেওয়ার এই যাত্রা বিশ্বজুড়ে অনুপ্রেরণা জোগায়।’ তিনি এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনবার ১৪০ কোটি মানুষের দেশের নেতা হওয়া এবং বিদেশ নীতি, অর্থনৈতিক বৃদ্ধি, পরিকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন।
মার্কিন সিনেটরদের শুভেচ্ছাবার্তা
বুধবার সিনেট ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জন কর্নিন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর এই মেয়াদকালকে বৈপ্লবিক পরিবর্তনকারী হিসেবে অভিহিত করেছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর কর্নিন এক্স পোস্টে লেখেন, 'ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ৷ তিনটি গণতান্ত্রিক ম্যান্ডেট বা জন রায়ের মাধ্যমে ১৪০ কোটি মানুষের আস্থা অর্জন করে তিনি ৪,৩৯৯ দিন ধরে নেতৃত্ব দিয়েছেন। ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা থেকে শুরু করে ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত করা-প্রধানমন্ত্রী মোদীর এই মেয়াদকাল ছিল সত্যিই বৈপ্লবিক। মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।'
আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী তথা গায়িকা মেরি মিলবেনও একটি দীর্ঘ পোস্ট করেছেন, যেখানে তিনি নরেন্দ্র মোদীর এই যাত্রাপথকে 'ইন্ডিয়ান ড্রিম' বা ভারতীয় স্বপ্নের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, 'ভারতের আকাশে যখন তেরঙ্গা পতাকা সগর্বে উড়ছে, তখন আমরা একটি মহান দেশের যাত্রাপথে এক ঐতিহাসিক, গণতান্ত্রিক মাইলফলক উদ্যাপন করছি। আজ, আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করায় আমার আন্তরিক অভিনন্দন জানাই।' তিনি আরও বলেন, 'আপনার অবিচল নেতৃত্ব, ১৪০ কোটি ভারতবাসীর অগ্রগতি, ঐক্য ও আকাঙ্ক্ষার প্রতি চিরন্তন দায়বদ্ধতা এবং একটি শক্তিশালী ‘ভারত’ গড়ার ক্ষেত্রে আপনার অনড় দৃষ্টিভঙ্গি দেশকে এক রূপান্তরের যুগে নিয়ে যেতে সাহায্য করেছে।' এর পাশাপাশি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি।
E-Paper

