Russia Nuclear Weapon: মহাকাশে পরমাণু অস্ত্র! ৬০ দিনের মধ্যেই স্যাটেলাইট উৎক্ষেপ রাশিয়ার? সতর্ক ন্যাটো

Russia Nuclear Weapon: এর আগে ২০২৪ সালেও মার্কিন কর্মকর্তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছিল রাশিয়া—যেখানে ওয়াশিংটন বলেছিল, মস্কো এমন একটি অস্ত্র তৈরি করছে, যা মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে পারে।

Published on: Nov 24, 2026, 14:24:11 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Russia Nuclear Weapon: মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া? চলতি বছরের শেষের দিকে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ মহাকাশে পাঠাতে পারে মস্কো। এমনই আশঙ্কার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জার্মান সরকার। জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমী সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলির গোয়েন্দা সংস্থাগুলি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, রাশিয়া চলতি বছরের মধ্যেই মহাকাশে পরমাণু অস্ত্রবাহী একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vyacheslav Prokofyev/Pool Sputni)
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vyacheslav Prokofyev/Pool Sputni)

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং দৈনিক জুডডয়চে জেইটুং-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা- বিএনডি এবং সশস্ত্র বাহিনী-সহ পশ্চিমী সংস্থাগুলি নিজেদের মধ্যে যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছে, তাতে দেখা গেছে যে 'স্পুটনিক-এস' নামের ওই স্যাটেলাইট বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শুরুতে বেশ কয়েকটি ন্যাটো দেশকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হতে পারে। জার্মান সশস্ত্র বাহিনীর স্পেস কমান্ডের মূল্যায়ন অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসের শুরুতেই এই উৎক্ষেপণ ঘটতে পারে এবং কক্ষপথে পৌঁছানোর পরপরই স্যাটেলাইটটি সক্রিয় হয়ে উঠবে।

এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে জার্মানিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস, জার্মানির বিএনডি কিংবা ব্রাসেলসে ন্যাটোর সদর দফতর কোনও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে পরবর্তীতে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, জার্মান সংবাদমাধ্যমের এই প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনও কারণ নেই। তিনি বলেন, 'এতে কাকে উদ্ধৃত করে এত অভিযোগ ও সম্ভাবনার কথা বলা হয়েছে তা অস্পষ্ট, ফলে এটি মোটেও গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয়।' এ ছাড়া বার্লিনে রাশিয়ার দূতাবাসও এ ধরনের দাবিকে 'অপপ্রচার অভিযানের অংশ' হিসেবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়।

এর আগে ২০২৪ সালেও মার্কিন কর্মকর্তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছিল রাশিয়া—যেখানে ওয়াশিংটন বলেছিল, মস্কো এমন একটি অস্ত্র তৈরি করছে, যা মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে পারে। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, রাশিয়া বছরের পর বছর ধরে এমন একটি পরমাণু অস্ত্র তৈরির কাজ করছে, যা ইউক্রেনীয় সেনাদের ব্যবহৃত স্পেসএক্সের বিশাল 'স্টারলিঙ্ক' ইন্টারনেট ব্যবস্থার মতো পুরো স্যাটেলাইট নেটওয়ার্ককে অকেজো বা ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞ ও মার্কিন স্পেস কমান্ডের প্রধান স্টিফেন হোয়াইটিংয়ের মতে, পৃথিবীর নিম্ন কক্ষপথে এ ধরনের পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যেই কক্ষপথে থাকা প্রায় এক-তৃতীয়াংশ স্যাটেলাইট অকেজো হয়ে পড়বে এবং পরবর্তী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট স্যাটেলাইটগুলিও ধীরে ধীরে বিকল হয়ে যাবে—যা বিশ্বজুড়ে যোগাযোগ, জিপিএস, ব্যাঙ্কিং ও বিদ্যুৎ ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। উল্লেখ্য, ১৯৬৭ সালের 'আউটার স্পেস ট্রিটি' অনুযায়ী পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র মোতায়েন সম্পূর্ণ নিষিদ্ধ।