...
...
Next Story

পিষে দিল ট্রাক! সপ্তমীর ভোররাতে দেবী দর্শনে গিয়ে প্রাণ হারালেন ১২ জন

সপ্তমীর রাতে দেবী দর্শনে যাওয়ার পথে প্রাণ হারালেন ১২ জন। আহত আরও ২৯। গ্বালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে আচমকাই ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ধানবোঝাই ট্রাক। তার পরে মন্দিরের প্রবেশদ্বারে ধাক্কা মারে গাড়িটি।

Published on: Oct 18, 2026, 08:48:42 IST
Advertisement

উৎসবের আবহে মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। সপ্তমীর রাতে দেবী দর্শনে যাওয়ার পথে প্রাণ হারালেন ১২ জন। আহত আরও ২৯। গ্বালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে আচমকাই ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ধানবোঝাই ট্রাক। তার পরে মন্দিরের প্রবেশদ্বারে ধাক্কা মারে গাড়িটি। ভেঙে পড়ে ফটকের একাংশের দেওয়াল। তার নীচে চাপা পড়েন কয়েক জন। রবিবার ভোররাতের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কী ভাবে নিয়ন্ত্রণ হারাল ট্রাকটি? প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করছে পুলিশ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

ব্যারিকেড ভেঙে ভক্তদের ভিড়ে ট্রাক

সপ্তমীর রাতে দেবী দর্শনে যাওয়ার পথে প্রাণ হারালেন ১২ জন। আহত আরও ২৯। (PTI)
সপ্তমীর রাতে দেবী দর্শনে যাওয়ার পথে প্রাণ হারালেন ১২ জন। আহত আরও ২৯। (PTI)

পুলিশ সূত্রে খবর, সপ্তমী উপলক্ষে শনিবার রাত থেকেই শীতলা মাতা মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছিল। গ্বালিয়র এবং আশপাশের জেলা থেকে বহু মানুষ এসেছিলেন পুজো দিতে। ভিড়ের কথা মাথায় রেখে মন্দিরের কাছে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পুলিশ ব্যারিকেডও বসিয়েছিল।

রাত প্রায় দেড়টা। চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি মন্দিরের পথে আসছিল। ব্যারিকেডের কাছে পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু ঢালু রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। তার পরেই ট্রাকটি রাস্তার পাশের দোকান এবং ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ব্যারিকেড ভেঙে সোজা মন্দিরের প্রবেশদ্বারে ধাক্কা মারে গাড়িটি।

ভেঙে পড়ল মন্দিরের ফটকের দেওয়াল

ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে যান কয়েক জন। রাস্তার পাশে থাকা পাঁচ থেকে ছটি প্রসাদের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

গ্বালিয়রের পুলিশ সুপার ধর্মবীর যাদব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ট্রাকের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এসেছে। সেই কারণেই চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন বলে অনুমান। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঠিক কী কারণে ট্রাকটি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলাশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। রেড ক্রসের তহবিল থেকে তাঁদের চিকিৎসার খরচ মেটানো হচ্ছে। আহতদের যাতে চিকিৎসায় কোনও সমস্যা না হয়, সে দিকেও নজর রাখছে প্রশাসন।

ধর্মীয় উৎসবের সময় মন্দির চত্বরে এমন দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি কী ভাবে ভক্তদের কাছে পৌঁছল, তা তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। যান্ত্রিক ত্রুটি, রাস্তার ঢাল এবং ব্যারিকেডের কার্যকারিতা, সব দিকই খতিয়ে দেখা প্রয়োজন। আপাতত স্বজন হারানোর শোক আর আহতদের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় গ্বালিয়র।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks