CWG Neeraj Chopra Vs Arshad Nadeem: কমনওয়েলথ গেমসে নজর নীরজ-আর্শাদ দ্বৈরথে, কেমন প্রস্তুতি পাক তারকার?
আর্শাদ নাদিমের দীর্ঘদিনের কোচ সলমন বাট জানিয়েছেন, প্রস্তুতির শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সমস্যায় পড়লেও এখন পুরোপুরি তৈরি তাঁর শিষ্য। বুধবার অনুষ্ঠিত হতে চলা যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করতে মুখিয়ে রয়েছেন আর্শাদ।
CWG Neeraj Chopra Vs Arshad Nadeem: কমনওয়েলথ গেমসের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টকে ঘিরে বাড়ছে উত্তেজনা। বিশেষ করে ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আর্শাদ নাদিমের বহুল প্রতীক্ষিত লড়াই নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তারই মধ্যে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্শাদ নাদিমের দীর্ঘদিনের কোচ সলমন বাট জানিয়েছেন, প্রস্তুতির শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সমস্যায় পড়লেও এখন পুরোপুরি তৈরি তাঁর শিষ্য। বুধবার অনুষ্ঠিত হতে চলা যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করতে মুখিয়ে রয়েছেন আর্শাদ।

সলমন বাট সংবাদসংস্থা পিটিআই-কে জানান, সুইৎজারল্যান্ডের লুসার্নে প্রতিযোগিতার আগে টানা বৃষ্টির কারণে আর্শাদ সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেননি। ভেজা মাঠে নিজেকে মানিয়ে নিতে সময় লেগেছিল। তাঁর কথায়, “বৃষ্টি হওয়ায় আর্শাদ ঠিকমতো অনুশীলন করতে পারেনি। লাহোরের গরম আবহাওয়ায় ট্রেনিং ক্যাম্প শেষ করে সরাসরি সুইৎজারল্যান্ডে যাওয়ায় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেও কিছুটা সময় লেগেছে।”
এই মাসের শুরুতে লুসার্ন সিলভার মিটে মাত্র ৭৮.৪৭ মিটার ছুড়ে নবম স্থানে শেষ করেছিলেন আর্শাদ নাদিম। গত কয়েক বছরে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের তুলনায় এই ফল যথেষ্ট হতাশাজনক ছিল। তবে কোচের দাবি, সেই প্রতিযোগিতার পর থেকেই তিনি ধীরে ধীরে ইউরোপের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং এখন গ্লাসগোর পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সালমান বাট বলেন, “সুইৎজারল্যান্ডে ও নিজের ছন্দ খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখন গ্লাসগোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। যোগ্যতা অর্জন পর্বের জন্য ও পুরোপুরি প্রস্তুত এবং আবারও ভালো ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী।”
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে ইতিহাস গড়েছিলেন আর্শাদ নাদিম। সেই থ্রো ছিল অলিম্পিক এবং এশিয়ান রেকর্ড। এরপর থেকেই তিনি পাকিস্তানের অন্যতম বড় ক্রীড়া তারকা হিসেবে পরিচিতি পান। চলতি কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের সবচেয়ে বড় পদক-আশা হিসেবে তাকেই দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। যদিও এখনও পর্যন্ত প্রতিযোগিতায় পাকিস্তান একটি পদকও জিততে পারেনি।
পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আর্শাদের সঙ্গে পাকিস্তানের হয়ে অংশ নেবেন মহম্মদ ইয়াসির। অন্যদিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন নীরজ চোপড়া, রোহিত যাদব এবং যশ বীর সিং। যোগ্যতা অর্জন পর্বে মোট ২০ জন অ্যাথলিট অংশ নেবেন। সেখান থেকে সেরা ১২ জন ফাইনালে উঠবেন। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত হয়েছে ৮৩ মিটারের মানদণ্ড।
এই ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই নীরজ চোপড়া ও আর্শাদ নাদিমের প্রতিদ্বন্দ্বিতা। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে চোটের কারণে নীরজ অংশ নিতে পারেননি। সেই সুযোগে আর্শাদ সোনা জিতেছিলেন। এরপর প্যারিস অলিম্পিকে ঐতিহাসিক সাফল্য অর্জন করে তিনি নিজের মর্যাদা আরও বাড়িয়েছেন। ফলে এবার দুই তারকার মুখোমুখি লড়াই ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে।
অন্যদিকে, পাকিস্তানের হয়ে স্প্রিন্টার ফাইকা রিয়াজ মহিলাদের ১০০ মিটারে জাতীয় রেকর্ড গড়লেও ফাইনালে উঠতে পারেননি। তাই দেশের প্রথম পদকের আশায় এখন সকলের নজর আর্শাদ নাদিমের দিকেই।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


