NEET UG Re-exam Updates: নিট ইউজির প্রশ্নপত্র পরিবহণ করবে ভারতীয় বায়ুসেনা, জানালেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

NEET UG Re-exam Updates: রিপোর্ট অনুযায়ী, এবার নিট ইউজির প্রশ্নপত্র পরিবহণের কাজে ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। 

Published on: May 29, 2026, 08:08:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NEET UG Re-exam Updates: প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে নতুন করে অনুষ্ঠিত হতে চলেছে নিট ইউজি পরীক্ষা। আর সেই পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। রিপোর্ট অনুযায়ী, এবার নিট ইউজির প্রশ্নপত্র পরিবহণের কাজে ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে।

এবার নিট ইউজির প্রশ্নপত্র পরিবহণের কাজে ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। (@byadavbjp)
এবার নিট ইউজির প্রশ্নপত্র পরিবহণের কাজে ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। (@byadavbjp)

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ জুন পুনরায় নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই পরীক্ষার প্রশ্নপত্র যাতে নির্দিষ্ট সময়ে এবং সম্পূর্ণ নিরাপদভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়, তা নিশ্চিত করতেই ভারতীয় বায়ুসেনার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রশ্নপত্র পরিবহণের ক্ষেত্রে ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিভিন্ন রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করা হত। এবারও সেই সমন্বিত ব্যবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে অতিরিক্ত নিরাপত্তা ও দ্রুত পরিবহণ নিশ্চিত করতে বায়ুসেনাকে যুক্ত করার কথা ভাবা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, জুন মাসের আবহাওয়া এবং পরিবহণ সংক্রান্ত নানা জটিলতার বিষয়টিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁর বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস বা নিরাপত্তা সংক্রান্ত কোনও রকম ঝুঁকি এড়াতেই সরকার অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে। এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল অভিষেক সিং-সহ একাধিক কেন্দ্রীয় আধিকারিক। সেখানে পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহণ এবং ফাঁস রোধে কীভাবে আরও কড়া ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি ২০২৬ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গোটা পরীক্ষাই বাতিল করা হয়েছিল। তদন্তে জানা যায়, পরীক্ষার আগেই কিছু প্রশ্ন বাইরে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বিজেপি নেতাও আছে। এদিকে এরপরই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেই পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More