SIR: 'আমাদের নথি গ্রহণ...,' এবার সুপ্রিম কোর্টে সওয়াল মেনকার, কী বললেন প্রধান বিচারপতি?
রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি।
দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ফের উল্লেখ করা হল বাংলার এসআইআর মামলার। সোমবার একদিকে যখন কলকাতায় বলে দফায় দফায় বৈঠক করছেন শের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখন সুপ্রিম কোর্টে নতুন মামলা হল এসআইআর নিয়ে। যাঁদের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে, তাঁদের তরফে মামলা করা হয়েছে। আর তাঁদের পক্ষে আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে আবেদন করেছেন মেনকা গুরুস্বামী। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি।

এর আগে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক আস্থার অভাবে এক নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে সব নাম নিয়ে প্রশ্ন রয়েছে, তার নিষ্পত্তি করবেন নিম্ন আদালতের বিচারকরা। এমতাবস্থায়, প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আবেদন করলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তবে বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা যায় না বলে উল্লেখ করেণ প্রধান বিচারপতি। অন্যদিকে, আইনজীবী মেনকা গুরুস্বামী প্রধান বিচারপতির বেঞ্চে ব্যাখ্যা করেন যে আবেদনকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং তাঁদের নথিও নেওয়া হচ্ছে না। তিনি পিটিশনারদের হয়ে উল্লেখ করেছেন, ‘আমাদের নাম বাদ গিয়েছে। আমাদের নথি গ্রহণ করা হয়নি। আমরা আগেও ভোট দিয়েছি, কিন্তু এবার আমাদের নথি গ্রহণ হয়নি।' মেনকার আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমরা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করা আবেদন এভাবে শুনতে পারি না।’ উত্তরে মানেকা জানান, ‘সংবিধানে সেই সংস্থান রয়েছে।’ একই সঙ্গে এই মামলাকে বাংলার অন্য এসআইআর মামলার সঙ্গে সংযুক্ত করার আবেদনও করেন। মঙ্গলবার এসআইআর-এর অন্যান্য মামলার সঙ্গে এই আবেদন শুনবেন বিচারপতিরা।
এদিকে, রবিবার রাতেই কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আজ, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি। বাম, বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। বেশ কয়েক দফা দাবি জানানো হয়েছে দলগুলির তরফে। আর এদিন বারবার জ্ঞানেশ কুমারের মুখে সুপ্রিম কোর্টের কথা শোনা গিয়েছে বলে সূত্রের খবর। কংগ্রেসের প্রতিনিধিদল যখন বৈঠকে বসে, তখন জ্ঞানেশ কুমার বলেন, 'শীর্ষ আদালতে আপনারা মামলা করেছেন, এখন ষাট লাখের ভবিষ্যৎ আমায় জিজ্ঞেস করছেন?' অন্যদিকে, তৃণমূলের প্রতিনিধিরা দেখা করলেও সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন জ্ঞানেশ কুমার। তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠক শেষে বেরিয়ে জানান, তাঁরা কমিশনারকে বলেছেন, 'ডিসক্রিপেন্সি আপনারা ঠিক করেননি। আনম্যাপড নিয়ে স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না। কেউ যেন বাদ না যায়।' এ কথা শুনে নাকি ক্ষিপ্ত জ্ঞানেশ কুমার বলেন আপনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, এমনটাই দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের।
উল্লেখ্য, ক’দিন আগেই রাজ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দিনক্ষণ জানতে চেয়ে কমিশনকে চিঠি লিখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সুপ্রিম কোর্টে নির্দেশিকা কমিশন অমান্য করছে বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ।
E-Paper











