New Financial Rules from 1st March: লোকাল ট্রেন থেকে টাকা সংক্রান্ত ব্যাপার- ১ মার্চ থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে?
পয়লা মার্চ থেকে নতুন নিয়মগুলি কার্যকর হলে প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর স্পষ্ট প্রভাব পড়বে। তাই আগে থেকেই এই পরিবর্তনগুলি বিষয়ে জেনে রাখা এবং সেই অনুযায়ী নিজের আর্থিক পরিকল্পনা ও প্রযুক্তিগত আপডেটগুলি সেরে রাখা অত্যন্ত প্রয়োজন।
শুরু হতে চলেছে নতুন মাস। আর নতুন মাস মানেই একাধিক নতুন নিয়মের সূচনা। আগামী ১লা মার্চ থেকে সারা দেশজুড়ে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লাগু হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে এবং দৈনন্দিন জীবনে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ট্রেন সফর, ব্যাঙ্কিং পরিষেবা, এমনকী আপনার ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও আসতে চলেছে বড়সড় রদবদল। আগে থেকে এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক না হলে আপনাকে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে অথবা চরম ভোগান্তির শিকার হতে হতে পারে। আসুন, এক নজরে বিস্তারিত জেনে নেওয়া যাক আগামী ১লা মার্চ থেকে ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে, যা আপনার জানা অত্যন্ত জরুরি।

রান্নার গ্যাস বা এলপিজি (LPG) সিলিন্ডারের দামে পরিবর্তন
প্রত্যেক মাসের শুরুতেই সাধারণত এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে থাকে। সেই অনুযায়ীা পয়ল মার্চ থেকে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি (LPG) সিলিন্ডারের নতুন রেট জারি হতে পারে। যদি বাড়ির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায়, তবে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেটে সরাসরি প্রভাব পড়বে। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের খরচ বাড়বে, যার ফলে বাইরের খাবারের দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতিল হচ্ছে UTS! নতুন ট্রেন টিকিট বুকিং সিস্টেমই ‘বস’
ভারতীয় রেলওয়ের যাত্রীদের জন্য ১ মার্চ থেকে আসতে চলেছে বড় আপডেট। এতদিন সাধারণ বা অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য যাত্রীরা UTS (ইউটিএস) অ্যাপ ব্যবহার করতেন। কিন্তু ১ মার্চ থেকে এই পুরনো সিস্টেমটি বন্ধ করে দেওয়া হবে। রেলওয়ের তরফ থেকে ইউটিএস অ্যাপের বদলে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে, যার নাম ‘RailOne’ (রেলওয়ান)। এবার থেকে প্ল্যাটফর্ম টিকিট বা লোকাল ট্রেনের টিকিট কাটতে গেলে এই নতুন RailOne অ্যাপটিই ব্যবহার করতে হবে। যাঁরা নিয়মিত লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনে লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়াতে আজই নতুন অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখুন। তা না হলে যাতায়াতের দিন আপনাকে বিপদে পড়তে হতে পারে। এমনিতে রেলওয়ান অ্যাপের মাধ্যমে দূরপাল্লার ট্রেনের টিকিটও কাটা যায়।
সিম কার্ড এবং মেসেজিং অ্যাপের ক্ষেত্রে কড়া নিয়ম
বর্তমান সময়ে হু হু করে বাড়ছে সাইবার ক্রাইম এবং ডিজিটাল জালিয়াতি। ডিজিটাল প্রতারণা রুখতে টেলিকম দফতর এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। পয়লা মার্চ থেকে মেসেজিং অ্যাপগুলির ক্ষেত্রে ‘সিম বাইন্ডিং’ (Sim Binding) নিয়ম বাধ্যতামূলক হতে চলেছে।
এর অর্থ হল, আপনার স্মার্টফোনে থাকা WhatsApp বা Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মগুলির অ্যাকাউন্টগুলি তখনই সম্পূর্ণভাবে কাজ করবে, যখন সেগুলি একটি ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকবে। ফেক বা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সাধারণ মানুষকে ঠকানোর যে প্রবণতা সাইবার অপরাধীদের মধ্যে দেখা যায়, তা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাল্টি-ডিভাইস ব্যবহার এবং ওয়েব লগ-ইনের ক্ষেত্রেও এখন থেকে অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে।
ব্যাঙ্কিং পরিষেবা এবং ইউপিআই (UPI) নিয়মে বড়সড় রদবদল
১লা মার্চ থেকে ব্যাঙ্কিং সেক্টরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। একাধিক বড় ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) রাখার নিয়ম সংশোধন করতে পারে। যদি অ্যাকাউন্টে নির্ধারিত সীমার চেয়ে কম ব্যালেন্স থাকে, তবে জরিমানার অঙ্ক বা পেনাল্টি অনেকটাই বাড়তে পারে। তাই মাসের শুরুতেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
এছাড়াও ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে একটি অতিরিক্ত সিকিউরিটি লেয়ার বা নিরাপত্তা স্তর যুক্ত করা হতে পারে। বেশি অঙ্কের টাকার লেনদেনের ক্ষেত্রে ওটিপি (OTP) ভেরিফিকেশন বা ট্রানজ্যাকশন লিমিটে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি, বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের নিয়ম ও চার্জেও বদল আনতে চলেছে।
সিএনজি (CNG) এবং পিএনজি (PNG) গ্যাসের দাম পরিবর্তন
সাধারণত মাসের শুরুতে সিএনজি (CNG) এবং পিএনজি (PNG) গ্যাসের দাম পরিবর্তন করা হয়। পয়লা মার্চ থেকে এই দুই গ্যাসের নতুন দাম কার্যকর হতে পারে। যদি প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বা আমদানি খরচ বৃদ্ধি পায়, তবে সিএনজি চালিত গাড়ি, অটো এবং ট্যাক্সি চালানো আগের চেয়ে অনেকটাই মহার্ঘ হয়ে উঠতে পারে। অন্যদিকে, যে সমস্ত বাড়িতে রান্নার জন্য পিএনজি (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগ রয়েছে, তাদেরও মাসিক রান্নার খরচ বাড়তে পারে। জ্বালানির এই দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচও বাড়বে, যার পরোক্ষ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


