Horse carriages: ভারতীয় কিশোরের মর্মান্তিক মৃত্যু! নিউয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে নিষেধাজ্ঞা,আইন পাসের অপেক্ষায়
Horse carriages: গত জুন মাসে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির একটি মর্মান্তিক দুর্ঘটনায় রোমাঞ্চ মহাজন নামের ১৮ বছর বয়সি এক কিশোরের মৃত্যুর পর পরিস্থিতি নতুন মোড় নেয়।
Horse carriages: আগামী ২০২৮ সালের জুনের মধ্যে নিউইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্ক থেকে ঘোড়ার গাড়ির ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন। ১৬৮ বছর ধরে চালু থাকা এই ঐতিহ্যবাহী বাহনটি নিয়ে কয়েক দশক ধরে নগর নেতৃত্বে মতবিরোধ ছিল।

গত জুন মাসে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির একটি মর্মান্তিক দুর্ঘটনায় রোমাঞ্চ মহাজন নামের ১৮ বছর বয়সি এক কিশোরের মৃত্যুর পর পরিস্থিতি নতুন মোড় নেয়। তাঁর পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এই বাহনটি নিষিদ্ধ করতে আগামী ২২ অক্টোবর 'রোমাঞ্চস ল' (Romanch's Law) নামের একটি নতুন আইন পাস হতে চলেছে। মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সোশ্যাল মিডিয়ায় জানান, 'নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ির যুগ শেষ হতে চলেছে। তবে আমাদের প্রশাসন এটা নিশ্চিত করবে যেন এই শিল্পের সঙ্গে জড়িত কর্মী ও মালিকরা আর্থিকভাবে সুরক্ষিত থাকেন এবং ঘোড়াগুলোও নিরাপদ আশ্রয়ে যেতে পারে।'
অন্যদিকে সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, ক্রমবর্ধমান ব্যস্ত সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি এখন জননিরাপত্তার জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। প্রস্তাবিত এই আইন অনুযায়ী, জোহরান মামদানি প্রশাসনকে এমন একটি পরিকল্পনা তৈরি করতে হবে যার মাধ্যমে ঘোড়ার গাড়ির চালকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগের ব্যবস্থা করা যায় এবং ঘোড়াগুলোর জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব হয়। বিলের পৃষ্ঠপোষক ও সিটি কাউন্সিল সদস্য ক্রিস্টোফার মার্টে এই সিদ্ধান্তকে উভয় পক্ষের জন্যই একটি 'উইন-উইন' পরিস্থিতি বলে আখ্যায়িত করেছেন।
তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘোড়ার গাড়ির মালিক ও চালকদের সংগঠন 'ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০।' সংগঠনের প্রতিনিধি ক্রিস্টিনা হ্যানসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই বিল পাস হলে চালক ও মালিকদের জীবনে বিপর্যয় নেমে আসবে এবং অনেকেই আশ্রয়হীন হয়ে পড়বেন। তিনি একে অসাংবিধানিক দাবি করে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ইউনিয়নের আন্তর্জাতিক প্রতিনিধি জন স্যামুয়েলসন প্রস্তাবিত আইনে কর্মীদের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা না থাকায় একে 'লজ্জাজনক রাজনৈতিক সুবিধাবাদ' বলে তীব্র সমালোচনা করেছেন। এদিকে, এই আইনের দীর্ঘদিনের সমর্থক ও পশুকল্যাণ সংগঠন 'নাইক্লাস' (NYCLASS) এবং সেন্ট্রাল পার্ক কনজারভেন্সি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছে।
E-Paper

