Pahalgam attack: 'পরিকল্পিত হামলা!' পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড পাক জঙ্গি নেতা হাফিজ সইদ, অতিরিক্ত চার্জশিট NIA-র
Pahalgam terror attack: সোমবার জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে হাফিজ সইদকে ব্যক্তিগতভাবে এবং সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
Pahalgam terror attack: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জঙ্গি নেতা তথা লস্কর-ই-তৈবা ও তার সক্রিয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

সোমবার জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে হাফিজ সইদকে ব্যক্তিগতভাবে এবং সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট পেশ করার খবর আসতেই রাজনৈতিক এবং সামাজিক মহলের একাংশে গুঞ্জন, তবে কী এবার হাফিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নরেন্দ্র মোদী সরকার। গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলাটি ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হত্যার এক নৃশংস ঘটনা। পাকিস্তান-মদতপুষ্ট জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই হামলায় ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন।
সোমবার জমা করা অতিরিক্ত চার্জশিটে এনআইএ বলেছে, পাকিস্তানে বসে লস্কর-ই তইবা নেতা পহেলগাঁও হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তার পরিকল্পনা মত হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রের অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর বিভিন্ন ধারা এবং আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ১৯৬৭-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে দাখিল করা ১,৫৯৭ পৃষ্ঠার মূল চার্জশিটের পরিপূরক হিসেবে এই নথি জমা দেওয়া হয়েছে। মূল চার্জশিটে পাকিস্তানের ষড়যন্ত্র, হাফিজ সইদের ভূমিকা এবং পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক তদন্ত ও সরেজমিন অনুসন্ধানের মাধ্যমে তদন্তকারীরা যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেগুলিই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
মূল চার্জশিট
এই ঘটনার মূল চার্জশিট ১৫ ডিসেম্বর ২০২৫-এ জমা দিয়েছিল এনআইএ৷ সেখানে পাকিস্তানি হ্যান্ডলার সাজিদ জাটকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা৷ সেই সঙ্গে ‘অপারেশন মহাদেব’-এর সময় (২০২৫ সালের জুলাই মাসে) নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তিন জঙ্গি ও গ্রেফতার হওয়া দু’জনকেও এতে অভিযুক্ত করা হয়েছিল। এছাড়া, পহেলগাঁও জঙ্গি হামলার পরিকল্পনা করা, হামলায় সহায়তা করা ও তা ঘটানোর ভূমিকার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও টিআরএফ-কেও অভিযুক্ত করা হয়েছে। নতুন চার্জশিটে হাফিজ সইদকে যুক্ত করার ফলে মামলার গুরুত্ব আরও বেড়েছে।
পহেলগাঁও জঙ্গি হামলা
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়৷ সেখানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ২৫ জন পর্যটককে গুলি করে হত্যা করে৷ সেই হামলায় স্থানীয় একজনও নিহত হন৷ অভিযোগ ওঠে, ধর্ম পরিচয় জেনে ওই ২৫ জন পর্যটককে হত্যা করা হয়৷ শুরুতে পহেলগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়৷ শুরু হয় তদন্ত৷ প্রাথমিক তদন্তের পর এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এনআইএ বর্তমানে মামলাটির আরও গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সরাসরি মদত এবং পুরো ষড়যন্ত্রের চিত্র উন্মোচন করাই তাদের লক্ষ্য। আন্তর্জাতিক মহলে এই চার্জশিট ভারতের অবস্থানকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
E-Paper

