‘আমি আর পারছি না’, হস্টেলে উদ্ধার এনআরএসের চিকিৎসক অভিজিতের দেহ
নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অভিজিৎ সরকারের দেহ। রবিবারের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়।
সোশ্যাল মিডিয়ায় বারবার বাঁচার আর্তি জানিয়েছিলেন। লিখেছিলেন, হস্টেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েক জনের আচরণে আতঙ্কিত। তাঁদের ক্ষমতাশালী বলেও সন্দেহ করেছিলেন। এমনকী নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করার আবেদনও জানিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। নাগেরবাজারের একটি হস্টেল থেকে উদ্ধার হল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অভিজিৎ সরকারের দেহ। রবিবারের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়। অভিজিৎকে খুন করা হয়েছে। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। অন্য দিকে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী, মৃত অভিজিৎ সরকারের বাড়ি নদিয়ার মাঝেরগ্রামে। তিনি এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। নাগেরবাজারের একটি হস্টেলে থাকতেন তিনি। রবিবার বিকেলে হস্টেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সময় তখন আনুমানিক বিকেল ৪টে। পরে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর আগে কী লিখেছিলেন অভিজিৎ?
এই মৃত্যুকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে অভিজিতের মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘দয়া করে আমাকে এই কষ্টকর পরিস্থিতি থেকে নিরাপদে বের হতে সাহায্য করুন। আমি বর্তমানে হস্টেলে থাকছি। কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্দেহ হচ্ছে, তাঁরা ক্ষমতার অধিকারী।’
শুধু তাই নয়, নিরাপত্তা, সাহায্য এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করার আবেদনও জানিয়েছিলেন তিনি। অন্য একটি পোস্টে লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না।’ মৃত্যুর আগে তাঁর এই ধরনের পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠছে। কারা তাঁকে বিরক্ত করছিলেন? কেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন? কাদের ক্ষমতাশালী বলে সন্দেহ করেছিলেন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে
অভিজিতের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও অনেক সময় তিনি ফোন ধরতেন না। অথচ পরপর হোয়াটসঅ্যাপ স্টেটাস দিতেন। পরিবারের সন্দেহ, তাঁকে হয়তো কোনও ভাবে ফোনে কথা বলতে বাধা দেওয়া হচ্ছিল।
পরিবারের আরও অভিযোগ, তাঁদের সঙ্গেও যোগাযোগ করলে বিপদ হতে পারে, এমন আশঙ্কার ইঙ্গিত দিয়েছিলেন অভিজিৎ। এক আত্মীয়ের দাবি, অভিজিৎ বারবার তাঁদের কাছে নিজের উপর চাপ তৈরি হওয়ার কথা জানিয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের ছেলে হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁর এমন পরিণতি কোনও ভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
অভিজিতের মৃত্যুর পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। দেহ উদ্ধারের পরিস্থিতি এবং শরীরের কিছু লক্ষণ তাঁদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে বলে দাবি। সেই কারণেই তাঁরা আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করা হয়ে থাকতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
### ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার শুনেছিলেন আবাসিকেরা?
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জিজ্ঞাসাবাদে হস্টেলের কয়েক জন আবাসিক দাবি করেছেন, ভিতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শুনেছিলেন তাঁরা। সেই চিৎকার শোনার পর কী পদক্ষেপ করা হয়েছিল, কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বয়ান ঘিরে রহস্য আরও বেড়েছে।
ঘটনার খবর পেয়েই হস্টেলে পৌঁছয় পুলিশ। আবাসিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিজিতের সোশ্যাল মিডিয়া পোস্ট এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসও তদন্তের আওতায় আসতে পারে। কার সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল, মৃত্যুর আগে কোনও হুমকি পেয়েছিলেন কি না, হস্টেলে তাঁর সঙ্গে কারও বিবাদ ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে। আপাতত পরিবারের অভিযোগ, আবাসিকদের বক্তব্য এবং সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।
আরজি কর-কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের এক চিকিৎসকের হস্টেলে রহস্যমৃত্যু ঘিরে স্বাস্থ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই ঘটনার পিছনে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্তের রিপোর্ট এবং ময়নাতদন্তের ফলের দিকেই তাকিয়ে সকলে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


