NEET Re Examination 2026: ২২ লক্ষ পড়ুয়ার ভাগ্য পরীক্ষা! বাতিল NEET-র নতুন নিঘন্ট প্রকাশ এনটিএ-র, দেখে নিন এক নজরে
NEET Re Examination 2026: গত ৩ মে দেশজুড়ে মেডিকেল কলেজে ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজস্থান-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ ওঠে।
NEET Re Examination 2026: প্রতীক্ষার অবসান। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গিয়েছিল নিট-ইউজি ২০২৬-এর পরীক্ষা। এবার নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জুন (রবিবার) দেশজুড়ে পুনরায় এই ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। দেশজুড়ে ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার পরেই এদিন এক্স হ্যান্ডলে এই বড় ঘোষণা করেছে এনটিএ। সেখানে জানানো হয়েছে, 'ভারত সরকারের অনুমোদনক্রমে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষার সময়সূচী নির্ধারণ করেছে।' একই সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের আপডেট পেতে একমাত্র অফিসিয়াল হ্যান্ডেলেই বিশ্বাস করতে বলা হয়েছে। neet-ug@nta.ac.in- এ ইমেইল করে বা 011-40759000 ও 011-69227700- হেল্পলাইন নম্বরে ফোন করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট জানা যাবে। গত ৩ মে আয়োজিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। ঘটনার গুরুত্ব বুঝে গত মঙ্গলবার সেই পরীক্ষা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল এনটিএ। এরপর থেকেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগের মধ্যে ছিলেন যে, আবার কবে পরীক্ষা নেওয়া হবে। শুক্রবারের এই ঘোষণায় পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।
ঘটনার সূত্রপাত
গত ৩ মে দেশজুড়ে মেডিকেল কলেজে ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরেই রাজস্থান-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, হোয়াটসঅ্যাপে পরীক্ষার অনেক আগেই প্রশ্ন ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এবং রাজস্থান পুলিশের তদন্তের জেরে অস্বস্তিতে পড়ে এনটিএ। শেষ পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখতে পুরো পরীক্ষাটিই বাতিলের কথা ঘোষণা করা হয়। এই ঘটনায় সিবিআই এবং রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ সব মিলিয়ে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে। ১৪ জন সন্দেহভাজনকে ম্যারাথন জেরা করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তথ্য অনুসারে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দেওয়া তথ্য পর্যালোচনা করার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাপ্ত তথ্য-প্রমাণে ইঙ্গিত পাওয়া মিলেছিল, পরীক্ষার পুরো প্রক্রিয়াটিই সম্ভবত ত্রুটিপূর্ণ হয়ে পড়েছিল। এনটিএ আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সমস্ত তথ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করার পর পরীক্ষার ফলাফল 'বহাল রাখা সম্ভব ছিল না।' সংস্থাটি আরও জানায়, দেশের জাতীয় পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ করা অত্যন্ত জরুরি ছিল।
তবে এনটিএ আনুষ্ঠানিকভাবে আগেই নিশ্চিত করেছিল, নিট ইউজি ২০২৬ পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। পরীক্ষার নতুন তারিখ বা সময়সূচি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ফলে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে যে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী গত ৩ মে পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের ফের একবার প্রস্তুতি নিয়ে ২১ জুন ময়দানে নামতে হবে। হাতে সময় এক মাসেরও কম, তাই নতুন করে পড়াশোনায় মন দিচ্ছেন ভবিষ্যতের চিকিৎসকরা।
E-Paper

