NTA rejects NEET candidate's allegations: ‘৬৪০ আশা, পেলাম ৩৮!’ নিট-র ফল ঘিরে মাঝেই আসরে নামল এনটিএ

NTA rejects NEET candidate's allegations: সোমবার লখনউয়ের ওই নিট পরীক্ষার্থীর উত্তরপত্র বদলে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সোমবার এক বিবৃতিতে এনটিএ জানিয়েছে, তাদের নথিপত্রে কোনও ধরনের গরমিল পাওয়া যায়নি।

Published on: Jul 20, 2026, 23:24:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

NTA rejects NEET candidate's allegations: নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশের পর ফের বিতর্কের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। দেশের বিভিন্ন প্রান্তের বহু পরীক্ষার্থী অভিযোগ করেছেন, নিজেদের হিসাব অনুযায়ী ৬০০-র বেশি নম্বর পাওয়ার কথা থাকলেও প্রকাশিত ফলাফলে এসেছে অস্বাভাবিকভাবে কম নম্বর। লখনউয়ের এক নিট পরীক্ষার্থী দাবি করেছেন, যেখানে তিনি ৬৪০ নম্বরের আশা করেছিলেন, সেখানে ফলাফলে দেখা গিয়েছে মাত্র ৩৮। এই বিতর্কের মাঝেই এবার আসরে নামল পরীক্ষা নিয়ামক সংস্থা তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

নিট-র ফল ঘিরে মাঝেই আসরে নামল এনটিএ
নিট-র ফল ঘিরে মাঝেই আসরে নামল এনটিএ

সোমবার লখনউয়ের ওই নিট পরীক্ষার্থীর উত্তরপত্র বদলে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সোমবার এক বিবৃতিতে এনটিএ জানিয়েছে, তাদের নথিপত্রে কোনও ধরনের গরমিল পাওয়া যায়নি।তাদের দাবি, কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়ো ওএমআর শিট ছড়ানো হচ্ছে। জানা গেছে, প্রতিভা ত্রিবেদী নামের ওই পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন যে, নিট পরীক্ষায় তাঁর ৬৪০ নম্বর পাওয়ার কথা থাকলেও তাঁকে মাত্র ৩৮ নম্বর দেওয়া হয়েছে। এই বিতর্কের পরই এনটিএ ওই পরীক্ষার্থীর সমস্ত নথি ও রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এক লিখিত বিবৃতি প্রকাশ করে।

ওই বিবৃতিতে এনটিএ স্পষ্ট জানিয়েছে, 'এনটিএ সমস্ত রেকর্ড যাচাই করেছে। পরীক্ষার্থীর আসল ওএমআর শিটটি এনটিএ-র কাছে সুরক্ষিত রয়েছে। কেবল তা-ই নয়, ওএমআর ও রেসপন্স কী চ্যালেঞ্জ করার সময়সীমার মধ্যেই সেটি ওই পরীক্ষার্থীর ইমেইল-এ পাঠিয়ে দেওয়া হয়েছিল।' তারা আরও জানিয়েছে, 'সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়ানো হচ্ছে, সেটি আসল ওএমআর শিটের একটি ডিজিটাল বিকৃত সংস্করণ। এনটিএ-র রেকর্ডে থাকা মূল শিটের সঙ্গে এর কোনও মিল নেই এবং এটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মাধ্যমে বদলে দেওয়া হয়েছে।' এনটিএ স্পষ্ট জানিয়েছে, 'পরীক্ষার্থীর প্রাপ্ত ৩৮ নম্বরই সম্পূর্ণ সঠিক এবং পূর্বঘোষিত ফলই চূড়ান্ত হিসেবে বহাল থাকবে।' তবে একইসঙ্গে সংস্থা কড়া সতর্কবার্তাও দিয়েছে। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ওএমআর শিট পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নিট-ইউজি পরীক্ষার ফলপ্রকাশের পর প্রাপ্ত নম্বর দেখে কার্যত স্তব্ধ হয়ে যান লখনউয়ের পরীক্ষার্থী প্রতিভা ত্রিবেদী। ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, এনটিএ-র প্রকাশিত প্রোভিশনাল অ্যান্সার কী-র সঙ্গে নিজের ওএমআর শিটের উত্তর মিলিয়ে দেখার পর তাঁর আনুমানিক ৬৪০ নম্বর পাওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ফলপ্রকাশের পর তিনি দেখেন তাঁকে মাত্র ৩৮ নম্বর দেওয়া হয়েছে। এনটিএ-র ভূমিকায় চরম হতাশা প্রকাশ করে প্রতিভা জানিয়েছিলেন, 'আমার অভিযোগ সম্পূর্ণ সত্যি ও খাঁটি। আমি সুবিচারের আশায় এনটিএ-কে পরপর তিনবার ইমেইল করেছি, কিন্তু কোনও উত্তর পাইনি।'

এর আগে এনটিএ‌ জানিয়েছে, তাদের কাছে আসা প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, স্ক্রুটিনির জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই ভুয়ো বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো হয়েছে। এনটিএ‌ এক্স পোস্টে জানিয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের শুধুমাত্র আসল ওএমআর শিট জমা দেওয়া উচিত। ভুয়ো বা এআই তৈরি ওএমআর জমা দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয়। এবারের নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের জেরে পুনরায় ২১ জুন অনুষ্ঠিত হয়। এরপর ১৩ জুলাই পরীক্ষার্থীদের ওএমআর শিট এবং স্ক্যান করা উত্তরপত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের জানানো হয়, স্ক্যান করা উত্তরপত্রে কোনও ভুল বা ওএমআর-এ চিহ্নিত উত্তরের সঙ্গে রেকর্ড করা তথ্যের গরমিল থাকলে ১৫ জুলাই পর্যন্ত নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আপত্তি জানানো যাবে। পরীক্ষার পর প্রকাশিত প্রভিশনাল উত্তরসূচি নিয়েও ১০ হাজারের বেশি আপত্তি জমা পড়েছিল বলে জানায় এনটিএ। বিশেষজ্ঞদের পর্যালোচনার পর ১৬ জুলাই চূড়ান্ত উত্তরসূচি প্রকাশ করা হয়। একই দিন ঘোষণা করা হয় নিট-ইউজি ২০২৬ রেজাল্ট।