Nvidia Update: এনভিডিয়ার CEO পদ থেকে সরছেন জেনসেন হুয়াং? কে হবেন সম্ভাব্য উত্তরসূরী?
Nvidia Update: নতুন এই খবরের মধ্য দিয়ে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। এর আগে অ্যালিস হুয়াং নামে এক মহিলার সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলির দাবি, ওই মহিলা চিনা সংস্থাগুলির কাছে এনভিডিয়ার চিপ পাঠানোর ব্যবস্থা করতে সহায়তা করেছিলেন।
Nvidia Update: দুই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা তথা চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস। ওই দুই মহিলার মধ্যে একজনকে চিনের সন্দেহভাজন গুপ্তচর বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলি। এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবারই জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে পারে এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস। যদিও হুয়াংকে সরানোর বিষয়ে বোর্ড অফ ডিরেক্টরসের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা নিশ্চিতভাবে জানা যায়নি। এর আগে বুধবার সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনভিডিয়ার শীর্ষ আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই আধিকারিক তাঁর অধীনেই কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই আধিকারিকের নাম কিম্বারলি পাওয়েল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্য প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমটির দাবি, সংস্থার প্রাক্তন ও বর্তমান কর্মীদের মধ্যে পাঁচ জন এই সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন।
নতুন এই খবরের মধ্য দিয়ে হুয়াংকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। এর আগে অ্যালিস হুয়াং নামে এক মহিলার সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলির দাবি, ওই মহিলা চিনা সংস্থাগুলির কাছে এনভিডিয়ার চিপ পাঠানোর ব্যবস্থা করতে সহায়তা করেছিলেন। একই সঙ্গে তিনি চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। রবিবার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় নিজের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত কথা স্বীকার করেন হুয়াং। এ ঘটনায় ‘পূর্ণ দায়’ নেওয়ার কথাও জানান তিনি। তবে কার সঙ্গে সম্পর্ক ছিল, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি। একই দিন হুয়াং বিদেশি কোনও গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস। বাইরের আইনজীবীদের সহায়তায় স্বতন্ত্র পরিচালকেরা তদন্তটি তদারক করছেন। তদন্ত শুরুর সময় অবশ্য বোর্ড অফ ডিরেক্টরস হুয়াংয়ের প্রতি আস্থার কথা জানিয়েছিল।
জেনসেন হুয়াং সরে গেলে কে হবেন বিকল্প?
সূত্রের বরাতে ব্লুমবার্গ বুধবার জানিয়েছে, হুয়াংয়ের সম্ভাব্য বিকল্প খুঁজতে এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস একটি বাইরের সংস্থার সঙ্গে কাজ করছে। এনভিডিয়ার শেয়ারধারী বিনিয়োগ সংস্থা মিনোটর ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও পোর্টফোলিও ব্যবস্থাপক আরমিনা রোজেনবার্গ বলেন, এক দশকের বেশি সময় ধরে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘ মেয়াদে এনভিডিয়ার প্রযুক্তিগত পরিকল্পনার নেতৃত্ব কে দেবেন, সেটিই বড় প্রশ্ন।
ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট পলিমার্কেটে হুয়াংয়ের পদত্যাগ বা বছরের শেষ নাগাদ তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা ৮৮ শতাংশ দেখানো হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন ইয়ান বাক। তিনি এনভিডিয়ার ডেটা সেন্টার গ্রাহকদের ব্যবসা দেখভাল করেন। অন্যদিকে, হুয়াং-এর দুই সন্তান, ম্যাডিসন এবং স্পেন্সারও বর্তমানে এনভিডিয়াতে কর্মরত, যা এই সম্ভাবনা তৈরি করে যে সংস্থার নেতৃত্ব তাঁর পরিবারের মধ্যেই থেকে যেতে পারে। এনভিডিয়ার একজন প্রাক্তন কর্মী জানিয়েছেন যে, জেনসেন হুয়াং-এর কন্যা এবং বর্তমানে ফিজিক্যাল এআই প্রোডাক্টস-এর মার্কেটিং-এর সিনিয়র ডিরেক্টর ম্যাডিসন হুয়াং সংস্থার ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি কর্তৃত্ব প্রয়োগ করছেন। এই সূত্রের মতে, এই পদক্ষেপটি ভবিষ্যতে আরও উচ্চতর নেতৃত্বের ভূমিকার জন্য ম্যাডিসনের প্রস্তুতি হতে পারে।
এনভিডিয়া কী বাইরের কোনও সিইও নিয়োগ করতে পারে?
প্রতিবেদনে এনভিডিয়ার অন্যান্য প্রযুক্তি সংস্থা থেকে নেতৃত্ব বেছে নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। উল্লিখিত দুটি নাম হল গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়ান এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর সিইও ম্যাট গারম্যান। উভয় সংস্থাই বৃহৎ পরিসরে ক্লাউড কম্পিউটিং ব্যবসা পরিচালনা করে, এআই পরিকাঠামোতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং এনভিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বজায় রেখেছে। এর ফলে তারা মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থাটির প্রবৃদ্ধির চালিকাশক্তি গ্রাহক এবং প্রযুক্তিগুলো সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে।
এনভিডিয়ার ভবিষ্যৎ কী?
১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম এবং ক্রিস মালাচোস্কির সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন জেনসেন হুয়াং। তিন দশকেরও বেশি সময়ে তাঁর নেতৃত্বে সংস্থাটি গেমিংয়ের গ্রাফিক্স প্রসেসর নির্মাতা থেকে এআই প্রযুক্তির দুনিয়ায় অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের একাধিক বৃহৎ প্রযুক্তি সংস্থা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিকাঠামো তৈরির জন্য এনভিডিয়ার চিপের উপর নির্ভরশীল। উন্নত এআই মডেল তৈরি থেকে শুরু করে সেগুলি পরিচালনা—সব ক্ষেত্রেই সংস্থার প্রসেসরের গুরুত্ব অপরিসীম। প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ কোটি ডলারের কাছাকাছি। ফলে হুয়াংয়ের নেতৃত্বে কোনও পরিবর্তন হলে সংস্থার ভবিষ্যৎ কৌশল, ব্যবসায়িক পরিকল্পনা এবং নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে পারে। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের জেরে সত্যিই কি নিজের প্রতিষ্ঠিত সংস্থা থেকে সরে যেতে হবে জেনসেন হুয়াংকে? নাকি তদন্তের পর যাবতীয় বিতর্ক কাটিয়ে ফের স্বমহিমায় ফিরবে এনভিডিয়া? সেই উত্তরই এখন খুঁজছে প্রযুক্তি দুনিয়া।
E-Paper

