Nvidia Update: জেনসেন হুয়াংকে CEO পদে ফেরাবে না Nvidia! বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত, ট্রাম্প-মাস্কের সমর্থনও কাজে এল না

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার Nvidia-র চেয়ারম্যান হার্ভে জোনস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিচালন পর্ষদ সর্বসম্মতিক্রমে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছে। তাঁকে CEO পদে পুনর্বহাল করার কোনও পরিকল্পনা নেই সংস্থার।

Published on: Nov 18, 2026, 08:49:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা Nvidia-র অন্দরে বড়সড় ধাক্কা! সংস্থার প্রাক্তন CEO জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনের সমস্ত সম্ভাবনায় আপাতত জল ঢেলে দিল পরিচালন পর্ষদ। ব্যক্তিগত জীবনের বিতর্ক, চিনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং Nvidia-র উন্নত AI চিপ চিনে পাচারের তদন্ত—সব মিলিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি দুনিয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং Tesla-র কর্ণধার ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করলেও শেষ পর্যন্ত বোর্ড নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে।

জেনসেন হুয়াংকে CEO পদে ফেরাবে না Nvidia! বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত, ট্রাম্প-মাস্কের সমর্থনও কাজে এল না (REUTERS)
জেনসেন হুয়াংকে CEO পদে ফেরাবে না Nvidia! বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত, ট্রাম্প-মাস্কের সমর্থনও কাজে এল না (REUTERS)

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার Nvidia-র চেয়ারম্যান হার্ভে জোনস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরিচালন পর্ষদ সর্বসম্মতিক্রমে জেনসেন হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছে। তাঁকে CEO পদে পুনর্বহাল করার কোনও পরিকল্পনা নেই সংস্থার। কোম্পানির ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের পর বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার শুরুতেই এই ঘোষণা করেন চেয়ারম্যান। আপাতত সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন CFO কোলেট ক্রেস। স্থায়ী CEO নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ করা হবে না বলে জানিয়েছেন জোনস।

কেন হঠাৎ পদত্যাগ করতে হল জেনসেন হুয়াংকে? বিতর্কের সূত্র তাঁর ব্যক্তিগত জীবন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা সামনে আসার পরেই সংস্থার অন্দরে অস্বস্তি তৈরি হয়। এর মধ্যে এক চিনা ব্যবসায়িনীর সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে। ওই মহিলার চিনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহও প্রকাশ করা হয়েছে। তিনি সিঙ্গাপুরের ক্লাউড কম্পিউটিং সংস্থা Megaspeed International-এর একজন আধিকারিক ছিলেন। সংস্থাটির বিরুদ্ধে মার্কিন রপ্তানি বিধি লঙ্ঘন করে Nvidia-র উন্নত AI চিপ চিনা সংস্থাগুলির কাছে সরবরাহের অভিযোগের তদন্ত চলছে। তবে ওই মহিলার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ এখনও প্রমাণিত নয়।

এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন হুয়াং। তিনি জানান, পরিচালন পর্ষদ যদি মনে করে তাঁর প্রত্যাবর্তন সংস্থা, কর্মচারী, শেয়ারহোল্ডার এবং আমেরিকার স্বার্থে ভালো হবে, তাহলে CEO হিসেবে ফিরতে তিনি সম্মানিত বোধ করবেন। ব্যক্তিগত জীবনে গুরুতর ভুল করেছেন বলেও স্বীকার করেন তিনি। পাশাপাশি জানান, কর্মচারী, বিনিয়োগকারী এবং ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে তাঁর প্রত্যাবর্তনের সমর্থনে বহু বার্তা পেয়েছেন।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের পক্ষে সরব হয়েছিলেন ইলন মাস্কও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর ফিরে আসার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন। ট্রাম্পের বক্তব্য ছিল, হুয়াং তাঁর ভুল থেকে শিক্ষা নিয়েছেন। এমনকী, তাঁকে CEO পদে ফেরানো হলে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বোর্ডের সিদ্ধান্তে সেই সম্ভাবনা আপাতত শেষ।

এদিকে বিতর্কের মধ্যেও আর্থিক ক্ষেত্রে দুর্দান্ত ফল করেছে Nvidia। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আয় হয়েছে ১১৬ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। শেয়ার প্রতি আয় ২.৭০ ডলার, যেখানে বাজারের প্রত্যাশা ছিল ২.৪৮ ডলার। সংস্থার ডেটা সেন্টার ব্যবসা থেকে আয় দাঁড়িয়েছে ১০৭.৬ বিলিয়ন ডলারে। আগামী ত্রৈমাসিকে ১৩০ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাসও দিয়েছে কোম্পানি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, Nvidia-র উন্নত চিপ চিনে পাচারের অভিযোগ নিয়ে এবার মার্কিন কংগ্রেসেও জবাবদিহি করতে হবে হুয়াংকে। আগামী ১ ডিসেম্বর কংগ্রেসের কমিটির সামনে হাজির হবেন তিনি। পরদিন হাজিরা দেবেন সংস্থার জেনারেল কাউন্সেল টিম টেটার। পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়টি দেখভালের জন্য নতুন বোর্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে Nvidia।

অর্থাৎ, CEO পদে প্রত্যাবর্তনের দরজা বন্ধ হলেও জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের শেষ এখনও হয়নি। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে মার্কিন জাতীয় নিরাপত্তা—একাধিক প্রশ্নের উত্তর দিতে হবে তাঁকে। এবার কংগ্রেসের জিজ্ঞাসাবাদে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি মহল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More