Diljit Dosanjh concert: দিলজিতের কনসার্টের জন্য ছাত্রীদের 'নগদ' টোপ! সাসপেন্ড ছাত্রনেতা

Diljit Dosanjh concert: এই ঘটনার সঙ্গে নারী চক্রের যোগ থাকার সন্দেহও প্রকাশ করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। তাদের দাবি, এর পিছনে নারীপাচার এবং দেহব্যবসার কোনও সংগঠিত চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

Published on: Nov 11, 2026, 19:14:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Diljit Dosanjh concert: দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মেয়েদের বিনামূল্যে প্রবেশের সুযোগ। তার সঙ্গে পাওয়া যাবে ১০ থেকে ৩০ হাজার টাকাও। তবে তার জন্য রয়েছে একটি শর্ত। ‘দেখতে সুন্দর ও আকর্ষণীয়’ হলেই মিলবে এই সুযোগ। দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নিয়ে যাওয়ার নাম করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এমনই প্রলোভন দেখানোর অভিযোগে কংগ্রেস-সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) নেতা আনস খানকে সাময়িক সাসপেন্ড করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রামানুজন কলেজ কর্তৃপক্ষ।

এনএসইউআই নেতা আনস খান সাময়িক সাসপেন্ড (সৌজন্যে এক্স)
এনএসইউআই নেতা আনস খান সাময়িক সাসপেন্ড (সৌজন্যে এক্স)

একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, আগামী ২৩ নভেম্বর গুজরাটের আহমেদাবাদে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে কয়েক জন ছাত্রীকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন আনস খান। বিনামূল্যে কনসার্ট দেখার পাশাপাশি যাতায়াত, উপহার এবং ১০-৩০ হাজার টাকা দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, দেখতে আকর্ষণীয় এবং পার্টি করতে পছন্দ করেন, এমন ছাত্রীদেরই যোগাযোগ করতে বলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তের পরে ৬ নভেম্বর আনসকে সাসপেন্ড করে রামানুজন কলেজ। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কলেজের নিয়মিত পঠনপাঠন ও অন্যান্য কার্যকলাপে অংশ নিতে পারবেন না তিনি। তবে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার সঙ্গে নারী চক্রের যোগ থাকার সন্দেহও প্রকাশ করেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। তাদের দাবি, এর পিছনে নারীপাচার এবং দেহব্যবসার কোনও সংগঠিত চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। সম্ভাব্য আন্তর্জাতিক যোগের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-কে দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছে তারা। এবিভিপি-র অভিযোগ, এর আগেও এনএসইউআই-র সঙ্গে যুক্ত কয়েক জনের বিরুদ্ধে একই ধরনের প্রস্তাব দেওয়ার চ্যাট প্রকাশ্যে এসেছিল। এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি এই বিষয়ে এনএসইউআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, আনসের সঙ্গে সংগঠনের কোনও বর্তমান সম্পর্ক নেই বলে দাবি এনএসইউআই-র। তাদের বক্তব্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সময়ই ১২ সেপ্টেম্বর আনসকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমান বিতর্কের সঙ্গে সংগঠনকে জড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। এনএসইউআই-র জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পাণ্ডে জানিয়েছেন, ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে আপস করা যায় না। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।