...
...
Next Story

Punjab News: 'পাতাললোক থেকেও...,' মাদকবিরোধী কর্মী পারবিন্দর সিং ঝোটার হত্যাকাণ্ডে হুঁশিয়ারি অমিত শাহ'র

Punjab News: মঙ্গলবার পাঞ্জাবে নিহত পারবিন্দর সিং ঝোটার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ।

Published on: Oct 20, 2026, 23:21:14 IST
Advertisement

Punjab News: পাঞ্জাবে অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খুন হওয়া মাদকবিরোধী কর্মী পারবিন্দর সিং ঝোটার (Parvinder Singh Jhota) হত্যাকারীদের 'পাতাললোক থেকেও খুঁজে বের করবে সিবিআই'—মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্জাবে মাদক পাচারের বিরোধিতার জেরে প্রাণ হারানো তিন ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মাদকবিরোধী কর্মী পারবিন্দর সিং ঝোটার হত্যাকাণ্ডে হুঁশিয়ারি অমিত শাহ'র (@RavneetBittu)
মাদকবিরোধী কর্মী পারবিন্দর সিং ঝোটার হত্যাকাণ্ডে হুঁশিয়ারি অমিত শাহ'র (@RavneetBittu)

মঙ্গলবার পাঞ্জাবে নিহত পারবিন্দর সিং ঝোটার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পাতাললোক থেকেও অপরাধীদের খুঁজে বের করব।' একই সঙ্গে ঝোটা হত্যা মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)-র হাতে তুলে দেওয়ার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারকে ধন্যবাদ জানান তিনি। অমিত শাহ আরও বলেন, বাকি দুটি ঘটনার রহস্য উন্মোচন করতে যদি রাজ্য সরকার ব্যর্থ হয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি অনুযায়ী সেই দুটি মামলার তদন্তভারও সিবিআই-কে দেওয়া যেতে পারে।

এদিকে, অমিত শাহের পাঞ্জাব সফরের কয়েক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেন যে সরকার পারবিন্দর সিং ঝোটা হত্যা মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাবে ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে রাজ্যকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল—সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টি (AAP) সরকারকে এভাবেই তীব্র আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবেগ তাড়িত হয়ে বলেন, তিনটি পরিবারের সঙ্গে কথা বলে তিনি যে গভীর ব্যাথা অনুভব করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি আরও করেন, 'সংবাদপত্রে আপনারা যা পড়েন, মাটিতে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় পরিস্থিতি তার চেয়েও বহুগুণ বেশি ভয়াবহ।' আম আদমি পার্টির সরকারের কাছে এই মর্মান্তিক মৃত্যুগুলির কোনও জবাব নেই এবং দলের কর্মীদের এই ব্যর্থতার জন্য লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন অমিত শাহ।

ফেসবুকে ২৪ হাজারের বেশি ফলোয়ার থাকা পারবিন্দর এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ট্রিং ও ভিডিও ইন্টারভেনশনের মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন। ২০২৩ সালে তিনি প্রথম খবরের শিরোনামে এসেছিলেন, যখন এক মেডিকেল স্টোর মালিকের সঙ্গে তাঁর বিরোধ বাঁধে। সেই বছরের ১২ জুলাই ওই ঘটনায় ঝোটা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মারধর, অনধিকার প্রবেশ এবং হিংসার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই সময় তাকে গ্রেফতারও করা হয়েছিল এবং প্রায় দুই মাস পর তিনি জেল থেকে মুক্তি পান। এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যে মাদক ব্যবসা ও তার বিরুদ্ধে আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks