Pak Army Chopper Crash: PoK-র মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর এমআই১৭ হেলিকপ্টার, মৃত অন্তত ২১
দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্তের জন্য একটি বোর্ড অফ ইনকোয়ারি গঠন করা হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই১৭ হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। পাকিস্তানি সেনার দাবি, হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং তাতে থাকা সকল সেনাকর্মীর মৃত্যু হয়। পাকিস্তান সেনার জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে, বুধবার মুজাফফরাবাদের কাছে টেক-অফের সময় এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ঠিক কতজন ছিলেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে কোনও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অবশ্য একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সেই হেলিকপ্টারে ২১ জন ছিলেন।

দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্তের জন্য একটি বোর্ড অফ ইনকোয়ারি গঠন করা হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছে। তবে পাকিস্তানি সেনা স্পষ্ট জানিয়েছে, চলমান বিক্ষোভের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনার কোনও যোগসূত্রের প্রমাণ এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনির নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, এমআই১৭ পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্রধান পরিবহণ হেলিকপ্টার। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সামরিক ও সরকারি হেলিকপ্টার দুর্ঘটনার একাধিক ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় একটি সেনা হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হন। এর আগে একই বছরের অগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমন্দ জেলায় বৈরী আবহাওয়ার মধ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে, যাতে দুই পাইলটসহ পাঁচজন প্রাণ হারান।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


