লাহোরের বিষাক্ত ধোঁয়ায় বিপাকে পাকিস্তান ক্রিকেট! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে সেই রাওয়ালপিন্ডিতেই

মঙ্গলবার পিসিবির তরফে আনুষ্ঠানিক ভাবে ভেন্যু পরিবর্তনের কথা জানানো হয়। বোর্ডের মুখপাত্র আমির মির জানিয়েছেন, লাহোরের ক্রমবর্ধমান ধোঁয়াশা এবং খারাপ হয়ে যাওয়া বায়ুর গুণমানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: Nov 11, 2026, 13:44:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ক্রিকেট মাঠেও এবার থাবা বসাল দূষণ! লাহোরের ভয়াবহ বায়ুদূষণের জেরে পাকিস্তান ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচের ভেন্যু বদলে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের পরিবর্তে ম্যাচটি আয়োজন করা হবে রাওয়ালপিন্ডিতে। আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল এই ম্যাচ। সূচিতে কোনও পরিবর্তন না করলেও মাঠ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। শীতের শুরুতেই লাহোরের বাতাস বিষাক্ত হয়ে ওঠায় ক্রিকেটার, আম্পায়ার, কর্মকর্তা এবং দর্শকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

লাহোরের বিষাক্ত ধোঁয়ায় বিপাকে পাকিস্তান ক্রিকেট! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে সেই রাওয়ালপিন্ডিতেই (AP Photo/Anjum Naveed)
লাহোরের বিষাক্ত ধোঁয়ায় বিপাকে পাকিস্তান ক্রিকেট! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট হবে সেই রাওয়ালপিন্ডিতেই (AP Photo/Anjum Naveed)

মঙ্গলবার পিসিবির তরফে আনুষ্ঠানিক ভাবে ভেন্যু পরিবর্তনের কথা জানানো হয়। বোর্ডের মুখপাত্র আমির মির জানিয়েছেন, লাহোরের ক্রমবর্ধমান ধোঁয়াশা এবং খারাপ হয়ে যাওয়া বায়ুর গুণমানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়াগত পরিস্থিতির কারণে লাহোরে ম্যাচ আয়োজন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দ্বিতীয় টেস্ট সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।

বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় লাহোর

গত কয়েক দিন ধরেই ভয়াবহ দূষণে জেরবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। শহরের বাতাসে ধোঁয়া ও দূষিত কণার পরিমাণ ক্রমশ বাড়ছে। বায়ুর গুণমান সূচক বা AQI একাধিক পর্যবেক্ষণে ৬০০-র কাছাকাছি পৌঁছেছে। ফলে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় বারবার উঠে আসছে লাহোরের নাম।

সুইৎজারল্যান্ডের বায়ুর গুণমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যেও লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরগুলির মধ্যে দেখা গিয়েছে। শীতের শুরুতে তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতিবেগ কম থাকা, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ এবং কৃষিজ বর্জ্য পোড়ানোর ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম দূষিত কণা মানুষের শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে দীর্ঘক্ষণ খোলা মাঠে থাকলে খেলোয়াড়দের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।

একই মাঠে হবে দুই টেস্ট

ভেন্যু পরিবর্তনের ফলে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজের দু'টি খেলাই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম টেস্ট ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে। প্রথম ইনিংসে ৪৩৪ রান তুলে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। সৌদ শাকিল করেছেন সর্বোচ্চ ৯৩ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১৪ রান।

দ্বিতীয় টেস্টও একই মাঠে হওয়ায় রাওয়ালপিন্ডিতে টানা দু'টি টেস্ট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। তবে লাহোরের দর্শকদের জন্য এই সিদ্ধান্ত কিছুটা হতাশার। কারণ গদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন তাঁরা।

আগেও দূষণের কারণে বদলেছে ক্রিকেটের মাঠ

পাকিস্তানে দূষণের কারণে ক্রিকেট ম্যাচের ভেন্যু পরিবর্তন অবশ্য নতুন ঘটনা নয়। ২০২০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। ২০২২ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচও দূষণের কারণে মুলতান থেকে করাচিতে সরানো হয়েছিল।

উল্লেখ্য, পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অন্তর্গত। ফলে সিরিজের প্রতিটি ম্যাচই দুই দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে মাঠের লড়াইয়ের আগেই লাহোরের দূষণ যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তেই তা স্পষ্ট।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More