Imran Khan Interview Row: জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khan) দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচারের মাশুল! চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ধারাভাষ্যকারদের তালিকা থেকে ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Nasser Hussain) ও মাইকেল আথারটনকে (Michael Atherton) বাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবির ঘোষিত ছয় সদস্যের কমেন্ট্রি প্যানেলে নেই এই দুই মহারথীর নাম। অথচ ২০২৪ সালে ইংল্যান্ডের শেষ পাকিস্তান সফরেও মাইক্রোফোন হাতে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন দু'জনেই।
ধারাভাষ্য প্যানেল থেকে ইংল্যান্ডের দুই কিংবদন্তিকে ছেঁটে ফেলল পাকিস্তান (সৌজন্যে এক্স )
চলতি বছরের শুরুতে পাকিস্তানের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্ট চলাকালীন 'স্কাই স্পোর্টস'-এ (Sky Sports) ইমরান খান ও জেমাইমা গোল্ডস্মিথের দুই ছেলে কাসিম ও সুলেমান খানের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছিলেন স্বয়ং আথারটন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সে দিনই তীব্র প্রতিবাদে নামে পিসিবি। এমনকী দুপুরের সেশনে খেলোয়াড়দের মাঠে না নামানোর এবং ম্যাচ বয়কটের হুমকিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্কাই স্পোর্টসের কাছে সরকারিভাবে নালিশ জানানোর পাশাপাশি পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভিতে (PTV) দেশের দর্শকদের জন্য ওই সাক্ষাৎকার দেখানোই হয়নি।
সাক্ষাৎকারে জেলবন্দি ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন কাসিম ও সুলেমান। তাঁদের অভিযোগ ছিল, অবহেলা ও নিঃসঙ্গ অবস্থায় রেখে পাকিস্তানের কর্তৃপক্ষ তাঁদের বাবাকে ‘স্পষ্টতই মেরে ফেলার চেষ্টা করছে।’ ইমরানের দ্বিতীয় পুত্র কাসিমের দাবি, জেলে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক বন্দির মৃত্যু হয়েছে এবং পাকিস্তান সরকার তাঁর বাবার ক্ষেত্রেও ঠিক একই ছক কষছে। দুই ভাইয়ের দাবি, দিনের মধ্যে ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট্ট কুঠুরিতে একা বন্দি থাকেন প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী। 'টেকনিক্যাল কারণে' তাঁদের ভিসা দিতেও অস্বীকার করেছে পাক প্রশাসন। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে পাক সরকারের দাবি, ইমরানের আত্মীয়, আইনজীবী বা চিকিৎসকদের সাক্ষাতে কোনও বাধা দেওয়া হয়নি। ২০২৩ সাল থেকে জেলবন্দি ১৯৯২-এর বিশ্বজয়ী অধিনায়ক ইতিমধ্যেই ৭৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে খবর। তাঁর স্বাস্থ্যের অবনতিতে উদ্বিগ্ন বহু প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই পাক সরকারকে চিঠি লিখে ইমরান খানের উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছেন।
Home/News/Imran Khan: ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের মাশুল! ধারাভাষ্য প্যানেল থেকে ইংল্যান্ডের দুই কিংবদন্তিকে ছেঁটে ফেলল পাকিস্তান