New Terrorist Group:পঞ্জাবে পুলিশ খুনে পাকিস্তানের ISI সমর্থিত নয়া জঙ্গি সংগঠনের হাত? নেপথ্যে ভাট্টি গ্যাং?
এই হত্যাকাণ্ড ঘিরে তেহরিক-ই-তালিবান হিন্দুস্তানের নামে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সদ্য পঞ্জাবের হেড পুলিশ কনস্টেবল বিনোদ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে গুরদাসপুরে এক রাস্তার ধার থেকে। চলতি বছরের ফেব্রুয়ারির থেকে শুরু করলে, এই নিয়ে ৫ জন পুলিশ কর্মীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে পঞ্জাবে। এদিকে, বিনোদ কুমারের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় এই খুনের দায় স্বীকার করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সমর্থিত এক জঙ্গি সংগঠন। নিজেদের তারা তেহরিক-এ-তালিবান হিন্দুস্তান বলে দাবি করছে। এমনই রিপোর্ট উঠে এসেছে এনডিটিভির প্রতিবেদনে। তেহরিক-এ-তালিবান হিন্দুস্তান নামটি আগে সেভাবে কখনও শোনা যায়নি। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিহত কনস্টেবলের পরিবারের মতে, বিনোদ কুমার রবিবার রাতে তাঁর ভাইকে ফোন করে ডিউটি সেরে ফেরার পথে বাইপাস এলাকা থেকে তাঁকে তুলে নিতে বলেন। তাঁর ভাই বাসস্ট্যান্ডে পৌঁছালেও তাঁর সাথে যোগাযোগ করতে পারেননি। বিনোদ কুমারকে বারবার ফোন করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। এরপর পরিবার তাঁকে খুঁজতে শুরু করে, এমনকি এলাকার বাসগুলোতেও তল্লাশি চালায়, কিন্তু তাকে খুঁজে পায়নি। এক ঘণ্টারও বেশি সময় পর, তাঁরা বাইপাসের কাছে বিনোদ কুমারের মৃতদেহটি আবিষ্কার করেন। এদিকে, শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করেছেন, যা তাঁর মতে, দুজন মুখোশধারী ব্যক্তিকে বিনোদ কুমারকে অপহরণ করে গুলি করে হত্যা করতে দেখিয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)।
এদিকে, এই হত্যাকাণ্ড ঘিরে তেহরিক-ই-তালিবান হিন্দুস্তানের নামে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেখানে বলা হয় যে হেড কনস্টেবল বিনোদ কুমারের হত্যাকাণ্ডের জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীটি দায়ী। পোস্টারটিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশে একটি হুমকিও ছিল, যেখানে সতর্ক করে বলা হয়, ‘আমরা রাস্তায় কম এবং বাড়িতে গিয়ে বেশি হত্যা করব।’ পঞ্জাবের তিরিক্ত পুলিশ মহাপরিচালক (আইনশৃঙ্খলা) পিকে সিনহা বলেছেন, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনা পাকিস্তানের আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের কার্যকলাপের দিকেই ইশারা করছে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। অভিযোগ রয়েছে যে, শাহজাদ ভাট্টি তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান নামক প্রক্সি সন্ত্রাসী সংগঠনটি পরিচালনা করেন। অভিযোগ এও রয়েছে যে, এই শেহজাদ ভাট্টি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র সমর্থনে কাজ করে। ১৬ই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক (এসবিএন)-কে একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ)-এর অধীনে ভাট্টিকেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


