US-Iran conflict: 'বেশি সময় নেই!' ইরানের নতুন শান্তি প্রস্তাব US-এ পাঠাল পাকিস্তান
US-Iran conflict: রবিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনা ধীর হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের জন্য ‘সময় ফুরিয়ে আসছে।’
US-Iran conflict: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই ইসলামাবাদের এ উদ্যোগ নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে দূরত্ব ঘুচিয়ে কোনও সমঝোতায় আসতে দীর্ঘ সময় লাগবে কিনা-এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, 'আমাদের হাতে বেশি সময় নেই।' একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সূত্রটি আরও যোগ করে, উভয় দেশই (মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান) ক্রমাগত তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে। অন্যদিকে, সোমবার যুদ্ধে ইতি টানার আগ্রহ প্রকাশ করে ইরান বলেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে এবং উভয় পক্ষ আলোচনায় নিযুক্ত রয়েছে। যদিও ইরানি সংবাদমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তগুলোকে বাড়াবাড়ি হিসেবে উপস্থাপন করেছে।
এএফপি একটি সংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকায়িকে উদ্ধৃত করে বলেছে, প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের কোনও শত্রুভাবাপন্ন মনোভাব নেই। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। বাকায়ি বলেন, এ অঞ্চলের জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল বড় হুমকি। সাম্প্রতিক ঘটনাবলি থেকে আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহির শিক্ষা নেওয়া উচিত।
ইরানের জন্য ‘সময় ফুরিয়ে আসছে’
রবিবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনা ধীর হয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের জন্য ‘সময় ফুরিয়ে আসছে।’ নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। তাদের দ্রুত পদক্ষেপ করতে হবে। নয়তো তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। সময় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।' অন্যদিকে, সোমবার ফরচুন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে ‘উন্মুখ’ হয়ে রয়েছে। তবে তিনি এও বলেছেন যে, উভয় পক্ষের চাওয়ার মধ্যে ব্যবধান রয়েছে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সুদের হার কমানো নাও হতে পারে। ট্রাম্প বলেছেন, 'যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আপনি আসলে সংখ্যাতত্ত্বের দিকে তাকাতে পারেন না,' তবে তিনি এও স্বীকার করেছেন যে, এই সংঘাতের কারণে তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে।
E-Paper

