Pakistan-Afghanistan ‘Open War’ Update: আফগান হামলায় ‘মৃত ৫৫ পাক জওয়ান’, এয়ার স্ট্রাইক করে ‘সরাসরি যুদ্ধের’ ঘোষণা আসিফের
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। গত রবিবার ইসলামাবাদ যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তার পালটা হিসেবে পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করল আফগানিস্তান। কয়েক ঘণ্টা পরেই এয়ার স্ট্রাইক চালাল পাকিস্তান।
আফগানিস্তানের সঙ্গে 'সরাসরি যুদ্ধের' ঘোষণা করে দিল পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের দিকে কাবুল ও ইসলামাবাদের হামলা-পালটা হামলার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, 'আমাদের ধৈর্যের সব সীমা পেরিয়ে গিয়েছে। এখন আমাদের আর তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ হবে।' বিষয়টি নিয়ে আপাতত আফগানিস্তানের তালিবান সরকারের তরফে কোনও মন্তব্য করা হলেও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর হয়ে আছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীদের নিশানা করে আফগানিস্তান। কয়েক ঘণ্টা পরে আফগানিস্তানের রাজধানী কাবুলে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান। দু'দেশেরই তরফে দাবি করা হয়েছে যে হামলার প্রত্যুত্তর দেওয়া হয়েছে। তারইমধ্যে আফগানিস্তানের তরফে দাবি করা হয়েছে যে পাকিস্তানের ৫৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পালটা ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে যে ১৩৩ জন তালিবান যোদ্ধার মৃত্যু হয়েছে এয়ার স্ট্রাইকে।

পাকিস্তান সীমান্তে হামলা আফগানিস্তানের
আর সেই সংঘাতের বীজটা অনেকদিন ধরেই অন্তর্নিহিত থাকলেও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বৃহস্পতিবার রাত থেকে। কাবুলের তরফে দাবি করা হয়েছে, গত রবিবার আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান যে নির্লজ্জভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তারই প্রত্যুত্তর দিতে পাকিস্তানে হামলা চালানো হয়। নিশানা করা হয় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার সামরিক পোস্টকে।
৪ ঘণ্টার অপারেশনে ৫৫ জন পাকিস্তানি জওয়ানকে হত্যা, দাবি কাবুলের
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, রাতে চার ঘণ্টার অপারেশনে ৫৫ জন পাকিস্তানি জওয়ানের মৃত্যু হয়েছে। একাধিক পাকিস্তানি জওয়ানের দেহ নিয়ে আসা হয়েছে আফগানিস্তানে। কয়েকজন জওয়ানকে জীবন্ত ধরা হয়েছে। সবমিলিয়ে ধ্বংস করা হয়েছে পাকিস্তান সেনার ১৯টি পোস্ট এবং দুটি ছাউনিতে। ওই মিশনে আফগানিস্তানের আটজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে কাবুলের তরফে।
১৩৩ আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে, দাবি পাকিস্তানের
যদিও আফগানিস্তানের সেই দাবি খারিজ করে দিয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশারফ আলি জাইদি দাবি করেছেন যে কোনও পাকিস্তানি জওয়ানকে বন্দী করতে পারেনি আফগানিস্তান। বরং পালটা এয়ার স্ট্রাইকে ১৩৩ জন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। আটক করা হয়েছে নয়জনকে। আফগানিস্তানের ২৭টি পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে কাবুল, পাক্তিয়া এবং কান্দাহারে যে হামলা চালানো হয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


