‘ভুল পদক্ষেপ নিলে জবাব হবে কল্পনার বাইরে’, ভারতকে পরমাণু বোমা মারার হুমকি পাক সেনা কমান্ডারের

রবিবার পাকিস্তানের কাকুলে মিলিটারি অ্যাকাডেমির পাসিং-আউট প্যারেডে বক্তব্য রাখছিলেন জেনারেল রাজা। নবীন সেনা আধিকারিকদের সামনে তিনি বলেন, পাকিস্তানের সীমান্তের ওপার থেকে যারা শত্রুতার মনোভাব নিয়ে এগোতে চাইছে, তাদের বিষয়ে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট।

Published on: Oct 18, 2026, 15:01:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের কড়া বার্তার পরেই পাল্টা হুঁশিয়ারি পাকিস্তানের। পরমাণু অস্ত্রের প্রসঙ্গ তুলে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল সৈয়দ আমির রাজা। তাঁর বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ করা হলে তার জবাব হবে প্রত্যাশার বাইরে। তবে একই সঙ্গে তাঁর দাবি, পাকিস্তান সংঘাত চায় না। দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক চাপানউতোরের আবহে তাঁর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Pakistan Army troop escort a convey believed to be carrying U.S. Vice President JD Vance upon his arrival for talks with Iranian officials in Islamabad, Pakistan, Saturday, April 11, 2026.
Pakistan Army troop escort a convey believed to be carrying U.S. Vice President JD Vance upon his arrival for talks with Iranian officials in Islamabad, Pakistan, Saturday, April 11, 2026.

‘ভুল পদক্ষেপের ফল ভুগতে হবে’

রবিবার পাকিস্তানের কাকুলে মিলিটারি অ্যাকাডেমির পাসিং-আউট প্যারেডে বক্তব্য রাখছিলেন জেনারেল রাজা। নবীন সেনা আধিকারিকদের সামনে তিনি বলেন, পাকিস্তানের সীমান্তের ওপার থেকে যারা শত্রুতার মনোভাব নিয়ে এগোতে চাইছে, তাদের বিষয়ে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট। পরমাণু অস্ত্রের উপস্থিতিতে সংঘাত বা যুদ্ধের কোনও জায়গা নেই। কেউ ভুল পদক্ষেপ করলে এমন পাল্টা পদক্ষেপের মুখে পড়তে হবে, যা তাদের কল্পনা বা প্রত্যাশারও বাইরে।

পাকিস্তানের সেনাবাহিনী দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্যে একদিকে সামরিক প্রস্তুতির কথা রয়েছে, অন্যদিকে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের বিপদ সম্পর্কেও সতর্কবার্তা রয়েছে। তবে নির্দিষ্ট কোনও সামরিক অভিযানের ঘোষণা করেননি তিনি। পরমাণু অস্ত্র ব্যবহারেরও কোনও নির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানাননি।

রাজনাথের বার্তার পরেই পাল্টা হুঁশিয়ারি

জেনারেল রাজার বক্তব্যের নেপথ্যে রয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সাম্প্রতিক মন্তব্য। গত ১৫ অক্টোবর দিল্লির একটি প্রতিরক্ষা সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, পাকিস্তান থেকে নতুন করে কোনও সন্ত্রাসবাদী হামলা হলে তার জবাব আরও কঠোর হবে। তাঁর কথায়, শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ নেই ভারতের সন্ত্রাসবিরোধী নীতি। সন্ত্রাসের উৎসে পৌঁছে ব্যবস্থা নেওয়ার কৌশল গ্রহণ করেছে নয়াদিল্লি।

এই প্রসঙ্গে অপারেশন সিঁদুর, বালাকোটে বিমান হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও তুলে ধরেন রাজনাথ। তাঁর বার্তা ছিল, ভারত শান্তিতে বিশ্বাস করে। কিন্তু সেই শান্তিকে দুর্বলতা বলে মনে করা উচিত নয়। দেশের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে প্রস্তুত ভারত।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই পাকিস্তানের সামরিক নেতৃত্বের পাল্টা অবস্থান সামনে এসেছে। দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ এবং তার জবাবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উত্তেজনা যে এখনও রয়েছে, তা স্পষ্ট এই বাকযুদ্ধে।

কাশ্মীর নিয়েও পুরনো অবস্থানে ইসলামাবাদ

বক্তব্যে কাশ্মীর প্রসঙ্গও তুলেছেন জেনারেল রাজা। তাঁর দাবি, কাশ্মীর একটি অমীমাংসিত আন্তর্জাতিক বিষয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশও বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পাকিস্তানের এই সামরিক কমান্ডার। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরে আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে ইসলামাবাদের উদ্যোগের দাবি করেন তিনি। প্যালেস্তিনীয়দের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করারও আহ্বান জানান।

সব মিলিয়ে, ভারতের কড়া অবস্থানের জবাবে পাকিস্তানও সামরিক প্রস্তুতির বার্তা দিতে চাইছে। তবে দুই দেশের নেতাদের বক্তব্যের অর্থ এই নয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী। আপাতত পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পরিস্থিতি। কিন্তু দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায়, এই উত্তেজনা বাড়লে তার প্রভাব যে গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় পড়তে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More