BLA chief: মুনির আর তাঁর একই রেজিমেন্ট ছিল! পাক সেনার সেই Ex ক্যাপ্টেন রেহমান এখন বালোচ বিদ্রোহীদের চিফ

এককালে ছিলেন PoKতে কর্তব্যরত! পাকিস্তানের সেনার ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সদস্য এই রহমান। রিপোর্টের দাবি, ওই ফ্রন্টিয়ার ফোর্সে এককালে কর্তব্যরত ছিলেন পাকিস্তানের বর্তমান সেনা চিফ আসিম মুনির। রিপোর্টের দাবি, ওই রেজিমেন্টেই মুনির ছিলেন অন্য ব্যাটালিয়ানে।

Published on: Nov 17, 2026, 16:44:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত কয়েক মাসে তেহরিক এ তালিবান পাকিস্তান গোষ্ঠী ছাড়াও বালোচ বিদ্রোহীদের একের পর এক হামলায় জেরবার পাকিস্তানের মুনিরের ফৌজ। সদ্য বালোচ বিদ্রোহী হিসাবে পরিচিত বালোচিস্তান লিবারেশন আর্মি জানিয়েছে, তাদের নয়া চিফের নাম। আর তিনি হলেন রেহমান গুল। প্রসঙ্গত, যে পাকিস্তানি সেনা বারবার বালোচ বিদ্রোহীদের টার্গেটে রয়েছে, সেই পাকিস্তানি সেনাতেই এককালে কর্মরত ছিলেন এই রেহমান গুল। পাকিস্তানের সেনার সেই প্রাক্তনীকে বালোচরা নিজেদের বিদ্রোহী গোষ্ঠীর চিফের পদে রেখে কার্যত ‘পাক সেনার ভাষাতেই পাক সেনাকে জবাব’ দেওয়ার মেজাজে রয়েছে, বলে মনে করছেন অনেকে।

এককালে ছিলেন PoKতে কর্তব্যরত! পাক সেনার সেই Ex ক্যাপ্টেন বালোচ বিদ্রোহীদের চিফ
এককালে ছিলেন PoKতে কর্তব্যরত! পাক সেনার সেই Ex ক্যাপ্টেন বালোচ বিদ্রোহীদের চিফ

কে এই রহমান গুল?

ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট বলছে, পাকিস্তানি সেনার প্রাক্তন এই ক্যাপ্টেন রেহমান গুলের পরিচিত ছদ্মনাম উস্তাদ মুরিদ। বেশ কিছু রিপোর্টের মতে পাকিস্তানের সেনার ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সদস্য এই রহমান। রিপোর্টের দাবি, ওই ফ্রন্টিয়ার ফোর্সে এককালে কর্তব্যরত ছিলেন পাকিস্তানের বর্তমান সেনা চিফ আসিম মুনির। রিপোর্টের দাবি, ওই রেজিমেন্টেই মুনির ছিলেন অন্য ব্যাটালিয়ানে। আর সেই সেনার বিরুদ্ধেই কার্যত রহমান গুলের নেতৃত্বাধীন বিএলএর সংঘাত। এককালে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানেও পাকিস্তানি সেনার হয়ে কর্তব্যরত ছিলেন রহমান। পাকিস্তানি সেনার বেশ কিছু অপারেশনে গুল অংশও নেন। তবে ২০১০ সালে তিনি পাকিস্তানি সেনা ছেড়ে বেরিয়ে আসেন।রিপোর্ট বলছে, পাক সেনার দমন পীড়ন দেখেই রহমান পাকিস্তানি সেনা থেকে সরে আসেন। অন্যদিকে, রহমানের অপর এক ভাই এখনও রয়েছেন পাকিস্তানের সেনার মেজর পদে। গুলের আরও এক ভাই মীরান, বালোচিস্তান লিবারেশন আর্মির হয়ে লড়েছেন বলেও দাবি করছে, বালোচিস্তান পোস্ট। গুল তাঁর মায়ের দিক থেকে ১৯৭০-এর দশকে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা লাওয়াং খান মেঙ্গাল এবং বালুচিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী কবি ও রাজনীতিবিদ গুল খান নাসিরের আত্মীয়।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক জেমস্টাউন ফাউন্ডেশনের ২০২৫ সালের একটি প্রোফাইল অনুসারে, রহমান গুল ২০০২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন। বহু কবিতায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে রহমান গুল তাঁর ক্ষোভ জাহির করেছেন। এককালে বালোচ বিদ্রোহীদের আত্মঘাতী বাহিনী মাজিদ ব্রিগেডের দায়িত্ব খারান ও কালাত এলাকায় সামলেছেন গুল।

এদিকে, বিএলএ-র মুখপাত্র জীয়ন্দ বালোচ বলেছেন, দলের সিনিয়র কমান্ড কাউন্সিল তাদের নেতা ও কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে সর্বসম্মতিক্রমে গুলকে নির্বাচিত করেছে। রহমান গুল, বশির জেবের স্থলাভিষিক্ত হলেন, যাঁর দলত্যাগের ঘোষণা বিএলএ গত ৩ নভেম্বর দিয়েছিল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More