২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
ভারতের হাত কাটার হুমকি দেওয়া পাক মন্ত্রী দেখতে চাইলেন তাজমহল, কী করল মোদী সরকার?
অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। এর আগে ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত SCO সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তারপর দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফর কার্যত বন্ধ ছিল।
ভারতের বিরুদ্ধে একসময় সিন্ধু নদের জল নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, পাকিস্তানের জলের অধিকার কেউ কেড়ে নিতে চাইলে তার হাত কেটে নেওয়া হবে। সেই পাকিস্তানি মন্ত্রীকেই এবার তাজমহল ঘুরে দেখার অনুমতি দিল ভারত সরকার। তিনি পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে বর্তমানে ভারতে রয়েছেন তিনি। তাঁর অনুরোধে আগ্রার তাজমহল যাওয়ার অনুমতি দেওয়া হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা যাওয়ার অনুমতি দেয়নি কেন্দ্র।

অপারেশন সিঁদুরের পর প্রথম পাক ফেডারেল মন্ত্রী ভারতে
উল্লেখযোগ্য বিষয় হল, অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। এর আগে ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত SCO সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তারপর দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফর কার্যত বন্ধ ছিল।
এবার ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় আয়োজিত প্রথম SCO Civilisational Dialogue Forum-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন মুসাদ্দিক মালিক। ভারতীয় উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য বিভিন্ন দেশের মধ্যে সংস্কৃতি, সভ্যতা এবং ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করা।
ভারত সরকারের কাছে পাকিস্তান হাইকমিশন মুসাদ্দিক মালিকের তাজমহল, দিল্লির হুমায়ুনের সমাধি, দিল্লি হাট এবং কিলা রাই পিথোরা ঘুরে দেখার অনুমতি চেয়েছিল। পাশাপাশি হজরত নিজামুদ্দিন দরগা যাওয়ার আবেদনও জানানো হয়েছিল। সরকারি সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়নের পর প্রথম চারটি জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নিজামুদ্দিন দরগা সফরের আবেদন খারিজ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর আগ্রায় তাজমহল দেখার কথা রয়েছে তাঁর।
সিন্ধু নদের জল নিয়ে কী হুমকি দিয়েছিলেন মালিক?
মুসাদ্দিক মালিকের এই ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাঁর কয়েক মাস আগের মন্তব্যের কারণে। চলতি বছরের জুন মাসে পাকিস্তানে একটি সাংবাদিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, পাকিস্তানের প্রাপ্য জলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে সেই হাত কেটে নেওয়া হবে।
তাঁর এই মন্তব্যের পিছনে ছিল ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে ভারত-পাকিস্তানের সংঘাত। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ওই চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের দাবি, একতরফাভাবে এই চুক্তি স্থগিত রাখার অধিকার ভারতের নেই। এই পরিস্থিতিতে মুসাদ্দিক মালিক অভিযোগ করেছিলেন, ভারত পাকিস্তানের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য সিন্ধু নদের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছিলেন তিনি।
এবার ভারতে এসে কী বললেন পাক মন্ত্রী?
ভারতে এসে অবশ্য অনেকটাই অন্য সুর শোনা গিয়েছে মুসাদ্দিক মালিকের গলায়। SCO সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের সীমানা আলাদা হলেও সংস্কৃতি ও সভ্যতা মানুষকে একসূত্রে বাঁধতে পারে। তাঁর কথায়, সীমান্তের বিভেদ পেরিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা হওয়া অত্যন্ত ইতিবাচক বিষয়। আরও বেশি করে এই ধরনের আলোচনা হওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, সংস্কৃতি ও সভ্যতার মতো বিষয়গুলি নিয়ে কথা বলা সবচেয়ে সহজ। কারণ এগুলি সব দেশের মানুষের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত।
ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কি গলবে?
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত উত্তপ্ত। ২০২৫ সালের মে মাসে দুই দেশের মধ্যে ৮৭ ঘণ্টার সামরিক সংঘাতও হয়েছিল। এরপর কূটনৈতিক যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে যায়। পাকিস্তান নিজেদের আকাশসীমাও ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ রেখেছে।
এমন পরিস্থিতিতে মুসাদ্দিক মালিকের ভারত সফর এবং তাজমহল ঘুরে দেখার অনুমতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যদিও এই সফরকে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বরং SCO-র মতো বহুপাক্ষিক মঞ্চে সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনার কিছুটা সুযোগ তৈরি হচ্ছে কি না, এখন সেটাই দেখার।
E-Paper
