Pat Cummins Sandpaper Gate Update: স্যান্ডপেপার বিতর্কেও সরছেন না প্যাট কামিন্স! অস্ট্রেলিয়ার অধিনায়কের পাশে বোর্ড

স্যান্ডপেপার বিতর্কের আঁচ এবার এসে পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের উপর। কিন্তু যাবতীয় বিতর্কের মধ্যেও তাঁর নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত, অধিনায়ক পদেই থাকছেন কামিন্স।

Published on: Nov 21, 2026, 09:52:38 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আট বছর আগের কুখ্যাত বল বিকৃতি বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। সেই বিতর্কের আঁচ এবার এসে পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের উপর। কিন্তু যাবতীয় বিতর্কের মধ্যেও তাঁর নেতৃত্বের উপর আস্থা হারাচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত, অধিনায়ক পদেই থাকছেন কামিন্স। শনিবার, ২১ নভেম্বর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (CA)। ফলে স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলেও আপাতত অধিনায়কত্ব হারানোর কোনও আশঙ্কা নেই অজি পেসারের।

স্যান্ডপেপার বিতর্কের আঁচ এবার এসে পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের উপর। (REUTERS)
স্যান্ডপেপার বিতর্কের আঁচ এবার এসে পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের উপর। (REUTERS)

কী বলল ক্রিকেট অস্ট্রেলিয়া?

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন এবং সংস্থার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ শুক্রবার সিডনিতে প্যাট কামিন্সের সঙ্গে দেখা করেন। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হওয়ায় দলের ভবিষ্যৎ, ক্রিকেটারদের মানসিক অবস্থা এবং আসন্ন টেস্ট সিরিজ নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে।

এরপর বোর্ডের তরফে জানানো হয়, অস্ট্রেলীয় ক্রিকেটের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট ক্রিকেটারদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। একই সঙ্গে অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে বোর্ড। ডেভিড বুনের বক্তব্য, গত আট বছরে কামিন্স এবং দলের অন্য নেতৃত্বস্থানীয় ক্রিকেটাররা যে সংস্কৃতি তৈরি করেছেন, তার উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। কামিন্সের সততা নিয়ে ওঠা প্রশ্নও সরাসরি খারিজ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কী এই স্যান্ডপেপার কেলেঙ্কারি?

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে। সেই ম্যাচে বলের অবস্থা বদলে বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলার জন্য স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। ঘটনায় জড়িত থাকার দায়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। ব্যানক্রফটের নির্বাসনের মেয়াদ ছিল ৯ মাস। সেই সময় থেকেই অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা 'স্যান্ডপেপারগেট' নামে পরিচিত। গোটা বিশ্বে সমালোচনার মুখে পড়েছিল অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি।

নতুন করে বিতর্ক উসকে দিলেন খোয়াজা ও ব্যানক্রফট

সম্প্রতি নিজের আত্মজীবনী 'সবর' (Sabr)-এ এই ঘটনা নিয়ে নতুন দাবি করেন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার উসমান খোয়াজা। তাঁর বক্তব্য, শুধু স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফট নয়, ২০১৮ সালের সেই সফরে অস্ট্রেলীয় দলের অন্য সদস্যরাও বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন।

এরপর গত ১৮ নভেম্বর প্রায় ৪৫০০ শব্দের একটি বিবৃতি প্রকাশ করেন ক্যামেরন ব্যানক্রফট। তাঁর দাবি, কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে শুধু তিনজন জানতেন না, গোটা দলেরই বিষয়টি জানা ছিল। এমনকী বোলারদের কাছ থেকেও বলের অবস্থা নিয়ে প্রতিক্রিয়া পেয়েছিলেন বলে দাবি করেন তিনি। এই অভিযোগের ফলে নতুন করে প্রশ্নের মুখে পড়েন বর্তমান অধিনায়ক কামিন্স। কারণ, সেই সময় তিনিও অস্ট্রেলীয় দলের সদস্য ছিলেন।

কী বলছেন কামিন্স? পাশে সতীর্থ হ্যাজেলউডও

কামিন্স অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মাঠে স্যান্ডপেপার ব্যবহার করার বিষয়ে তিনি বা দলের বোলাররা কিছুই জানতেন না। উসমান খোয়াজার অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন তিনি। প্রায় ৭০ মিনিটের সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন অজি অধিনায়ক।

এবার কামিন্সের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ জশ হ্যাজেলউডও। তাঁর বক্তব্য, কামিন্স অত্যন্ত ভালো নেতা এবং গত পাঁচ-ছয় বছরে অস্ট্রেলীয় দলকে নতুন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এমনকী কামিন্সকে অধিনায়কত্ব থেকে সরানো হলে নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হ্যাজেলউড।

তদন্ত নয়, আলোচনার মঞ্চ তৈরি করছে বোর্ড

বিতর্কের নিষ্পত্তির জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন আলোচনামঞ্চ তৈরির কথা জানিয়েছে। সেখানে ২০১৮ সালের সফরে থাকা ক্রিকেটার এবং দলের কর্মীরা নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরতে পারবেন। কামিন্সও এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, আসন্ন চার টেস্টের নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স। এরপর আগামী বছরের শুরুতে ভারত সফরেও তাঁর অধিনায়ক থাকার কথা। সব মিলিয়ে, স্যান্ডপেপার বিতর্কে অস্ট্রেলীয় ক্রিকেট যখন ফের অস্বস্তিতে, তখন কামিন্সের পাশে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।