গুজরাতের বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক! AK-৪৭ ও ২৩টি কার্তুজ-সহ গ্রেপ্তার জইশ জঙ্গি, পাকিস্তানে পালানোর পরিকল্পনা

গুজরাত এটিএসের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সুনীল যোশি জানিয়েছেন, ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম। বয়স ২২ বছর। অসমের বাসিন্দা সে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানে থাকা জইশের এক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার।

Published on: Nov 27, 2026, 13:34:45 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গুজরাতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। অভিযোগ, গুজরাতের ভদোদরায় ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটিতে একক হামলার পরিকল্পনা করছিল সে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-৪৭ রাইফেল, ২৩টি কার্তুজ এবং নগদ টাকা। শুধু তাই নয়, হামলা চালানোর পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। ধৃতের মোবাইল ফোন থেকে বায়ুসেনার ঘাঁটির ছবি এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্কিত উগ্রপন্থী প্রচারসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে আসতেই নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

HT Image
HT Image

গুজরাত এটিএসের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সুনীল যোশি জানিয়েছেন, ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম। বয়স ২২ বছর। অসমের বাসিন্দা সে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানে থাকা জইশের এক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। গত এক বছর ধরে জঙ্গি সংগঠনটির বিভিন্ন নির্দেশ পালন করছিল বলে অভিযোগ। ভদোদরার বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

ছ'মাস ধরে নজরদারি, ২৩ নভেম্বর চূড়ান্ত অভিযান

এটিএস সূত্রে খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং গুজরাত এটিএস গত ছ'মাস ধরে সাহারুলের উপর নজর রাখছিল। তার গতিবিধির উপর প্রযুক্তিগত এবং সরাসরি নজরদারি চালানো হচ্ছিল। ২৩ নভেম্বর গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট খবর আসে, সে হামলার উদ্দেশ্যে গুজরাতে যাচ্ছে। এর পরেই তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু হয়।

নিরাপত্তা সংস্থার নজর এড়াতে অসম থেকে সরাসরি গুজরাতে আসেনি সাহারুল। একাধিক ট্রেন ও বাস বদলে ঘুরপথে গুজরাতে পৌঁছয় সে। এর আগেও ভদোদরা সফর করেছিল অভিযুক্ত। সেই সময় বায়ুসেনার ঘাঁটি এবং গুজরাতের কয়েকটি স্পর্শকাতর এলাকার ছবি তুলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছিল বলে অভিযোগ। মোবাইল ফোনে সেই ছবিগুলি পাওয়া গিয়েছে।

পাকিস্তান থেকে এসেছিল AK-৪৭?

তদন্তকারীদের দাবি, সাহারুলের কাছ থেকে একটি AK-৪৭ রাইফেল, ২৩টি জীবন্ত কার্তুজ এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, রাইফেলটি পাকিস্তান থেকে পাচার করে ভারতে আনা হয়েছিল। তবে অস্ত্রটি কীভাবে তার হাতে পৌঁছেছিল, তা এখনও স্পষ্ট নয়। এই অস্ত্র পাচারের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযুক্তের মোবাইল ফোন পরীক্ষা করে জইশ-ই-মহম্মদের উগ্রপন্থী প্রচারসামগ্রীও উদ্ধার হয়েছে। পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে তার যোগাযোগের সূত্র খুঁজছেন গোয়েন্দারা। গুজরাতে জইশের কোনও স্থানীয় সহযোগী বা গোপন ঘাঁটি রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে।

আরও বড় নেটওয়ার্কের খোঁজে গোয়েন্দারা

এটিএসের দাবি, শুধু একক হামলার পরিকল্পনা নয়, এর পিছনে কোনও বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক কাজ করছে কি না, তা জানার চেষ্টা চলছে। অস্ত্রের উৎস, পাকিস্তানি হ্যান্ডলারের পরিচয় এবং সম্ভাব্য স্থানীয় সহযোগীদের চিহ্নিত করতে ধৃতকে জেরা করা হচ্ছে।

উল্লেখ্য, জইশ-ই-মহম্মদ পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ভারতে একাধিক জঙ্গি হামলার ঘটনায় এই সংগঠনের নাম উঠে এসেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনী এবং সামরিক ঘাঁটিকে নিশানা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভদোদরার বায়ুসেনা ঘাঁটি নিয়ে এই হামলার পরিকল্পনা সফল হলে বড় বিপদ হতে পারত। সময়মতো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই ছক ভেস্তে দেওয়া গিয়েছে বলে দাবি গুজরাত এটিএসের। তবে এই ঘটনায় আর কারা জড়িত, পাকিস্তান থেকে অস্ত্র কীভাবে ভারতে এল এবং হামলার জন্য আরও কোনও সহযোগী প্রস্তুত ছিল কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।