...
...
Next Story

Flydubai Flight case: ‘চরম বিপদের...,' ফ্লাইদুবাই বিমান কাণ্ডে ‘হিরো’ ভারতীয় পাইলটের প্রশংসা, পরিবারের পাশে PM মোদী

Flydubai Flight case: ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর গত চার বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহি সরকারের মালিকানাধীন সাশ্রয়ী বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ে কাজ করছেন।

Published on: Oct 1, 2026, 12:17:05 IST
Advertisement

Flydubai Flight case: ফ্লাইদুবাই বিমান কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। আর ওই বিমানের পাইলট ছিলেন এক ভারতীয় (Indian Pilot)। মাঝ আকাশে দুবাই থেকে তেল আভিভগামী এই বিমানটির সহকারী পাইলট ককপিটেই তাঁর উপর আক্রমণ চালান বলে অভিযোগ। ভারতীয় ওই পাইলটকে ছুরিকাঘাত করে বিমানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। তবে মারাত্মক জখম অবস্থাতেও বিমানে থাকা ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচাতে চরম সাহসিকতার পরিচয় দেন তিনি। এবার সেই ভারতীয় পাইলটের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এমনকী তাঁকে ‘হিরো’ বলেও অভিহিত করেছেন।

ফ্লাইদুবাই বিমান কাণ্ডে ‘হিরো’ ভারতীয় পাইলটের প্রশংসা, পরিবারের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ফ্লাইদুবাই বিমান কাণ্ডে ‘হিরো’ ভারতীয় পাইলটের প্রশংসা, পরিবারের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জানা গিয়েছে, ওই ভারতীয় পাইলটের নাম ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Captain Smit Machchhar)। তাঁরই প্রশংসায় এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন হিরো।’ তিনি আরও লেখেন, ‘চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অসামান্য সাহসিকতা ও অন্যদের জীবন রক্ষার ক্ষেত্রে অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শতশত মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে ভারত গর্বিত। তাঁর দ্রুত আরোগ্য, নতুন শক্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী ক্যাপ্টেন মচ্ছরের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছেন এবং তাঁর এই অসামান্য সাহসিকতার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ভারতীয় মিশনগুলো এই পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করছে। ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মচ্ছর গত চার বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহি সরকারের মালিকানাধীন সাশ্রয়ী বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ে কাজ করছেন। এর আগে তিনি টানা ১০ বছর স্পাইসজেটে কাজ করেছেন। বিএমডব্লিউ টাইপ বোয়িং ৭৩৭ ফ্লাইটে ১৩ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। পেশাগত জীবনে ৯,৭৫০ ঘণ্টারও বেশি সময় বিমান ওড়ানোর অভিজ্ঞতাসম্পন্ন মচ্ছর একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুম্বইয়ের নিবাসী ক্যাপ্টেন স্মিত মচ্ছর অতীতে প্রায় ১১ বছর স্পাইসজেটে কাজ করার পর ২০২২ সালে ফ্লাইদুবাইতে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ও সৌদি প্রশাসন ঘটনার নেপথ্যের আসল কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে এবং এই মুহূর্তে কোনও ধরনের আগাম অনুমান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks