Terror Attack in Jammu-Kashmir: ফের রক্তাক্ত ভূস্বর্গ! অনন্তনাগে পুলিশের টহলদারি বাহিনীর উপর জঙ্গি হামলা, শহিদ কনস্টেবল

Terror Attack in Jammu-Kashmir: সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি আচমকা পুলিশের একটি দলের উপরে গুলি চালায়। অনন্তনাগের লালচক এলাকাতে দুপুর সাড়ে ১২টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বছর ৩৫-এর এক পুলিশকর্মী এই ঘটনায় নিহত হয়েছেন।

Published on: Jul 22, 2026, 15:02:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Terror Attack in Jammu-Kashmir: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল ভূস্বর্গ। এবার নিশানায় এক পুলিশ কর্মী। জম্মু ও কাশ্মীরে অতর্কিত জঙ্গি হামলায় শহিদ হলেন এক পুলিশ কর্মী। বুধবার অনন্তনাগে ওই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। গুরুতর জখম হন ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

অনন্তনাগে পুলিশের টহলদারি বাহিনীর উপর জঙ্গি হামলা, শহিদ কনস্টেবল (Muneeb Gull)
অনন্তনাগে পুলিশের টহলদারি বাহিনীর উপর জঙ্গি হামলা, শহিদ কনস্টেবল (Muneeb Gull)

সরকারি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি আচমকা পুলিশের একটি দলের উপরে গুলি চালায়। অনন্তনাগের লালচক এলাকাতে দুপুর সাড়ে ১২টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বছর ৩৫-এর এক পুলিশকর্মী এই ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই হেড কনস্টেবল পেট্রোলিং ডিউটিতে ছিলেন। কর্তব্যরত অবস্থায় গুলি চালানো হয়। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালায় জঙ্গিরা। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। অন্যদিকে, গুলিবিদ্ধ হওয়ার পরই সঙ্গে সঙ্গে ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে অনন্তনাগ সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

জানা গিয়েছে, জঙ্গিরা বাইকে করে এসেছিল। পেট্রোলিং টিমের সদস্য ওই পুলিশকর্মীর উপরে গুলি চালায় এবং পালিয়ে যায়। পুলিশের ওই দলটিকে অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছিল। পুলিশকর্তাদের মতে, সন্দেহভাজন সন্ত্রাসীরা জঙ্গলের আড়াল থেকে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় পুলিশ। তবে জঙ্গিদের ছোড়া গুলি লাগে পুলিশ কনস্টেবলের গায়ে। নিহত পুলিশকর্মীর নাম আশিক হুসেন কুরেশি। ঘটনার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিশাল আকারের অভিযান শুরু হয়েছে। জঙ্গিদের ধরতে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলেছে। ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। এই অভিযানে জঙ্গিদের গ্রেফতার বা নিকেশ করার জন্য পুরো প্রশাসন সতর্ক রয়েছে। বলে রাখা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গত বছর এপ্রিল মাসেই হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই হামলার জবাব 'অপারেশন সিঁদুর' দিয়ে দিয়েছিল ভারত। বছর ঘুরতেই আবার জঙ্গি হামলা সেই উপত্যকাতেই। এই হামলা শুধু একটি স্থানীয় ঘটনা নয়, বরং জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে বার বার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। জঙ্গি বা অনুপ্রবেশকারীদের উপস্থিতি লক্ষ্য করে জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। বেশির ভাগ ক্ষেত্রেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সেনার দাবি, কঠোর নজরদারির জেরেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।