মেরামতির মাঝেই ভেঙে পড়ল চারতলা ভবন, মহারাষ্ট্রে মৃত ৯
মহারাষ্ট্রে চারতলা একটি আবাসিক ভবন ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।
মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। চারতলা একটি আবাসিক ভবন ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান চলছে।

জানা গিয়েছে, ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনূর বিল্ডিংয়ের একটি অংশ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে মেরামতির কাজ চলছিল। চারতলা এই ভবনে মোট ৪৮টি ঘর ছিল, প্রতিটি তলায় ১২টি করে কক্ষ। স্থানীয় পুরসভা আগেই ভবনটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল।
প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ বাসিন্দারা ভবনের ভিতর থেকে অস্বাভাবিক ফাটার শব্দ শুনতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারাই দ্রুত বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। কিন্তু সেই সময়ও কয়েকজন বাসিন্দা ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। এর মধ্যেই ভবনের ‘বি’ উইং আচমকা ধসে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এনডিআরএফ, থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল কর্মী এবং পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধার অভিযানে স্নিফার ডগ, চারটি দমকলের ইঞ্জিন, দুটি অ্যাম্বুল্যান্স এবং ভারী মাটি কাটার যন্ত্র মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চলছে।
প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে এখনও কয়েকজন আটকে রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী কারণে ভবনটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জীর্ণ ভবনে মেরামতির কাজ চলার সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


