Paytm's Vijay on Jensen: জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে পোস্ট, তারপরই ডিলিট! পেটিএম কর্তা বিজয় শেখর শর্মার কাণ্ডে চর্চা

সোমবার রাতের দিকে বিজয় শেখর শর্মা নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘Stand with Jensen. Just signed the petition.’ অর্থাৎ, জেনসেনের পাশে দাঁড়ান, আমিও পিটিশনে স্বাক্ষর করলাম। সঙ্গে যুক্ত করে দেন ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামের একটি অনলাইন আবেদনপত্রের লিঙ্ক।

Published on: Nov 17, 2026, 10:19:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক ক্রমশ আন্তর্জাতিক প্রযুক্তি মহলে নতুন মাত্রা নিচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক এবং চিনের সঙ্গে সম্ভাব্য গোয়েন্দা যোগাযোগের অভিযোগের জেরে সিইও পদ ছাড়তে হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থার সহ-প্রতিষ্ঠাতাকে। কিন্তু তাঁর পাশে দাঁড়িয়েছেন একাধিক আন্তর্জাতিক শিল্পপতি ও প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব। এবার সেই তালিকায় নাম জুড়ল ভারতের অন্যতম ধনী প্রযুক্তি উদ্যোক্তা তথা পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার। জেনসেন হুয়াংকে ফের এনভিডিয়ার সিইও পদে ফিরিয়ে আনার দাবিতে একটি অনলাইন পিটিশনে সমর্থন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটার আগেই সেই পোস্ট মুছে ফেলেন বিজয়। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা।

জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে পোস্ট, তারপরই ডিলিট! পেটিএম কর্তা বিজয় শেখর শর্মার কাণ্ডে চর্চা
জেনসেন হুয়াংয়ের পাশে দাঁড়িয়ে পোস্ট, তারপরই ডিলিট! পেটিএম কর্তা বিজয় শেখর শর্মার কাণ্ডে চর্চা

সোমবার রাতের দিকে বিজয় শেখর শর্মা নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘Stand with Jensen. Just signed the petition.’ অর্থাৎ, জেনসেনের পাশে দাঁড়ান, আমিও পিটিশনে স্বাক্ষর করলাম। সঙ্গে যুক্ত করে দেন ‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামের একটি অনলাইন আবেদনপত্রের লিঙ্ক। এই পিটিশনের মূল দাবি, এনভিডিয়ার পরিচালন পর্ষদ যেন জেনসেন হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তও চালানো হোক। তবে মঙ্গলবার সকাল হতেই বিজয়ের ওই পোস্ট আর তাঁর অ্যাকাউন্টে দেখা যায়নি। তিনি কেন পোস্টটি মুছে ফেলেছেন, সে বিষয়ে প্রকাশ্যে কোনও ব্যাখ্যা দেননি।

তবে হুয়াংকে সমর্থন জানিয়ে এটাই বিজয়ের প্রথম পোস্ট নয়। এর আগে ১৪ নভেম্বর টেসলা এবং স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক এক্সে জানিয়েছিলেন, জেনসেনকে ফের সিইও পদে বসানোর দাবিতে একটি পিটিশন চলছে এবং তিনিও তাতে স্বাক্ষর করবেন। সেই পোস্টের প্রতিক্রিয়ায় বিজয় লিখেছিলেন, ‘Elon loves Jensen so much’। অর্থাৎ, ইলন জেনসেনকে অত্যন্ত ভালোবাসেন। এই পোস্টটি অবশ্য এখনও মুছে ফেলেননি তিনি।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ পিটিশনে ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৮৮ হাজার মানুষ স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। তালিকায় রয়েছেন ইলন মাস্ক, উবারের সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক, এপিক গেমসের সিইও টিম সুইনি এবং ওয়াই কম্বিনেটরের প্রধান গ্যারি ট্যানের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে জানিয়েছেন, হুয়াংকে ফের দায়িত্বে ফিরিয়ে আনলে তাঁর আপত্তি নেই। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও হুয়াংয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

কেন হঠাৎ এনভিডিয়ার মতো গুরুত্বপূর্ণ সংস্থার শীর্ষ পদ ছাড়তে হল জেনসেন হুয়াংকে? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক মহিলা কর্মীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসে। তাঁদের মধ্যে একজন সরাসরি তাঁর অধীনে কাজ করতেন বলেও অভিযোগ। পাশাপাশি অ্যালিস হুয়াং নামে এক চিনা ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মার্কিন গোয়েন্দা মহলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে। ওই মহিলার চিনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগগুলি এখনও তদন্তাধীন এবং হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কোনও প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।

গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও ও বোর্ড সদস্যের পদ থেকে সরে দাঁড়ান হুয়াং। কিন্তু তাঁকে ফিরিয়ে আনার দাবিতে কর্মী, বিনিয়োগকারী এবং প্রযুক্তি জগতের একাংশ সরব হয়েছেন। অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার পরিচালন পর্ষদ আপাতত তাঁকে ফেরানোর কথা বিবেচনা করছে না।

সব মিলিয়ে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি মহলে তৈরি হয়েছে দুই শিবির। একদিকে তাঁর দীর্ঘদিনের অবদান এবং এআই শিল্পে গুরুত্বের কথা তুলে ধরে সমর্থনের ঝড়, অন্যদিকে সংস্থার স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সেই বিতর্কের মধ্যেই বিজয় শেখর শর্মার পোস্ট করে মুছে ফেলা নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More